২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে আ. লীগ অফিসে হাতবোমা

বিরোধী জোটের হরতালের তৃতীয় দিনের সকালে পিরোজপুরের জিয়ানগর উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে ছয়টি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। 

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2013, 01:29 PM

Updated : 23 Aug 2022, 07:16 PM

জিয়ানগর থানার ওসি নাসিরুদ্দিন মল্লিক জানান,  মঙ্গলবার সকালের দিকে উপজেলা আওয়ামী লীগের অফিস থেকে লাল টেপে মোড়ানো ককটেলগুলো উদ্ধার করা হয়। সেগুলো নিষ্ক্রিয় করার জন্য থানায় এনে পানিতে ভিজিয়ে রাখা হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির জানান, সকাল সাড়ে ৬টার দিকে অফিসের পিওন মাসুদ পারভেজ হাওলাদার অফিস ঝাড়ু দেয়ার সময় ককটেলগুলো দেখতে পান। পরে পুলিশে খবর দেয়া হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান  বলেন, “বিএনপি ও জামায়াত-শিবিরের লোকেরা আমাদের নেতাকর্মীদের হত্যা ও ফাঁসানোর উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ককটেলগুলো অফিসে রেখে গেছে।”

তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফাইজুর কবির তালুকদার বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে বলেন, এ ধরনের নাশকতার সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই।

ওসি নাসিরুদ্দিন বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তার করা হবে।