২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আজহারের বিচার শুরুর আদেশ

হত্যা, ধর্ষণ, অপহরণসহ মানবতাবিরোধী অপরাধের ছয়টি অভিযোগে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2013, 12:46 PM

Updated : 23 Aug 2022, 07:16 PM

বিচারপতি এটিএম ফজলে কবীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ মঙ্গলবার এই জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন করে শুনানি শুরুর দিন ঠিক করে দেন।  

৫ ডিসেম্বর প্রসিকিউশনের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে এ মামলার শুনানি শুরু হবে।

অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য মঙ্গলবার আজহারকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

তার বিরুদ্ধে অভিযোগগুলো পড়ে শোনানোর পর ট্রাইব্যুনাল জানতে চান- তিনি দোষী না নির্দোষ।

জবাবে এটিএম আজহার বলেন, “আমি সম্পূর্ণ নির্দোষ। আমার বিরুদ্ধে যে সব অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা, ভিত্তিহীন। আমার বিরুদ্ধে এটি একটি ষড়যন্ত্র।”

এই জামায়াত নেতার দাবি, স্বাধীনতার ৪১ বছর পর ‘রাজনৈতিক উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলকভাবে’ এই ‘মিথ্যা অভিযোগ’ দায়ের করা হয়েছে।

“এর আগে আমার বিরুদ্ধে দেশের কোথাও এ বিষয়ে কোনো মামলা হয়নি। শুধুমাত্র জামায়াত করার কারণেই আমার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা করা হয়েছে।”

এ সময় ট্রাইব্যুনাল তাকে থামিয়ে অভিযোগ গঠনের আদেশ দেন।

এটিএম আজহারকে কাঠগড়ায় আনার আগে সেখান থেকে চেয়ার সরিয়ে নেয়া হয়। এর আগে গত ২৮ অক্টোবরও কাঠগড়ায় দাঁড় করিয়ে রাখা হয়েছিল তাকে।

এ বিষয়ে ট্রাইব্যুনাল বলেন, বিচারপতিরা এজলাসে ওঠার এবং নেমে যাওয়ার সময় উপস্থিত সবাই দাঁড়িয়ে ট্রাইব্যুনালকে সম্মান প্রদর্শন করে দাঁড়িয়ে যান। কিন্তু উনাকে (আজহার) দাঁড়াতে দেখা যায় না। ট্রাইব্যুনালের প্রতি সম্মান প্রদর্শন না করার কারণে বসার চেয়ার সরিয়ে রাখা হয়েছে। এখন থেকে উনি দাঁড়িয়ে থাকবেন।”

আসামিপক্ষের আইনজীবী তারিকুল ইসলাম এ সময় ট্রাইব্যুনালকে বলেন, ‘উনি’ হয়তো বুঝতে পারেননি।

‘আগামী দিন থেকে এমন হবে না- আইনজীবী এমন নিশ্চয়তা দিলে ট্রাইব্যুনাল পরবর্তী দিন থেকে আজহারকে বসার অনুমতি দেন।

আজাহারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠনের শুনানি শুরু হয় গত ২৯ অগাস্ট।

ওইদিন প্রসিকিউটর একেএম সাইফুল ইসলাম আজহারের বিরুদ্ধে ছয় অভিযোগের বর্ণনা উপস্থাপন করেন। এছাড়া ‘আন্তর্জাতিক অপরাধ আইন ১৯৭৩’ এর বিভিন্ন ধারা অনুযায়ী সংঘঠিত অপরাধগুলোর ধরনও ব্যাখ্যা করেন।

এ মামলায় জব্দ তালিকার সাক্ষী ও তদন্তকারী কর্মকর্তাসহ মোট ৩৪ জনকে সাক্ষী করার কথা জানান তিনি।

গত ১০ অক্টোবর এটিএম আজহারের অভিযোগ গঠনের বিরোধিতা করে শুনানি করেন তার আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট শিশির মুহাম্মদ মুনির।

প্রসিকিউটর এ কে এম সাইফুল ইসলাম ও নূরজাহান বেগম মুক্তা গত ১৮ জুলাই আজহারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন, যার হত্যা, গণহত্যা, অপহরণ, নির্যাতন ও ধর্ষণের ঘটনা রয়েছে।

রংপুর অঞ্চলে গণহত্যা চালিয়ে ১ হাজার ২২৫ ব্যক্তিকে হত্যা, চারজনকে খুন, ১৭ জনকে অপহরণ, একজনকে ধর্ষণ, ১৩ জনকে আটক ও নির্যাতন এবং শতশত বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুণ্ঠনের অভিযোগ আনা হয়েছে জামায়াতের এই সহকারী সেক্রেটারি জেনারেলের বিরুদ্ধে।

অভিযোগে বলা হয়েছে, ১৯৭১ সালে যখন মুক্তিযুদ্ধ শুরু হয়, আজহার তখন রংপুরের কারমাইকেল কলেজের একাদশ শ্রেণীর ছাত্র এবং জামায়াতে ইসলামীর তখনকার ছাত্র সংগঠন ইসলামী ছাত্রসংঘের রংপুর শাখার সভাপতি। জেলার আলবদর বাহিনীরও নেতৃত্বে ছিলেন তিনি।

আজহার পাকিস্তান সেনাবাহিনীর সহযোগিতায় মানবতাবিরোধী অপরাধের পরিকল্পনা, ষড়যন্ত্র ও তা বাস্তবায়নে সক্রিয়ভাবে জড়িত থেকে অপরাধ সংঘটন করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

২০১২ সালের ১৫ এপ্রিল এটিএম আজহারের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। এরপর গতবছর ২২ অগাস্ট মগবাজারের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।