২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে বাসে আগুন, বোমাবাজি

বিরোধী দলের টানা ৮৪ ঘণ্টার হরতালের তৃতীয় দিন সকালে রাজধানীর মধ্য বাড্ডায় একটি যাত্রীবাহী বাসে অগুন দেয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2013, 09:16 AM

Updated : 25 Apr 2022, 07:31 PM

এছাড়া যাত্রাবাড়ীতে হাতবোমা ফাটিয়ে ভাংচুর করা হয়েছে বেশ কয়েকটি যানবাহন।

অবশ্য মঙ্গলবার সকাল থেকে রাজধানীর সড়কগুলোতে যানবাহনের ভীড়ে হরতালের প্রভাব খুব একটা চোখে পড়েনি। 

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি এবং হরতাল ডাকার পর শীর্ষ নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে রোববার সকাল ৬টা থেকে থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এই হরতাল করছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা মো. ফরহাদুজ্জামান জানান, সকাল ৭টার দিকে মধ্যবাড্ডায় একটি বাসে হরতাল সমর্থকরা আগুন দেয়। খবর পেয়ে অগ্নি নির্বাপক বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।

তবে এ ঘটনায় কেউ আহত হননি বলে ফরহাদুজ্জামান জানান।

এদিকে সকাল সাড়ে ৬টার দিকে যাত্রাবাড়ীর বেগুনবাড়ি চার নম্বর গেইট এলাকায় হরতালকারীরা কয়েকটি গাড়ি ভাংচুর করে এবং ছয়-সাতটি হাতবোমা ফাটায়।

এ সময় হরতালকারীরা একটি হিউম্যান হলারে আগুন দেয়ার চেষ্টা করে বলেও যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. এমরানুল ইসলাম জানান।

তবে ঘটনাস্থল থেকে পুলিশ কাউকে আটক করতে পারেনি।

এছাড়া সকালে ভাষানটেক এলকায় স্বেচ্ছাসেবক দল হরতালের সমর্থনে মিছিল করে এবং ককটেল ফাটায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।