লালমনিরহাটে বিএনপি কার্যালয় ভাংচুর
হরতালে পিকেটাররা ছাত্রলীগের এক নেতার মোটর সাইকেল ভাংচুরের পর হামলা হয়েছে লালমনিরহাটের আদিতমারী উপজেলা বিএনপির কার্যালয়ে।
সোমবার রাত ১০টার দিকে উপজেলা সদরের বুড়িবাজারে বিএনপির কার্যালয় ভাংচুর হয় বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
ভাংচুরের জন্য আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের দায়ী করেছেন উপজেলা বিএনপি নেতারা।
পুলিশ জানায়, ১৮ দলীয় জোটের হরতালের দ্বিতীয় দিন সন্ধ্যায় লালমনিরহাট শহরের টিঅ্যান্ডটি মোড়ে আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতির ভাতিজা ছাত্রলীগ নেতা ইমরুল কায়েস ফারুকের মোটর সাইকেল ভাংচুর করে পিকেটাররা।
ওই ঘটনার প্রতিক্রিয়ায় ফারুকের বাড়ি কমলাবাড়ি ইউনিয়নের কয়েকশ’ লোক উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জড়ো হয়।
এরপর তারা হরতালবিরোধী মিছিল নিয়ে গিয়ে বিএনপির কার্যালয় ভাংচুর করে প্রত্যক্ষদর্শীরা জানায়। ওই কার্যালয়ে আগুনও দেয়া হয়, তবে স্থানীয়রা তা নিভিয়ে ফেলে।
আদিতমারী থানার ওসি আসলাম ইকবাল সাংবাদিকদের বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে রবার বুলেট ছুড়ে ও লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কার্যালয় ভাংচুরের পর বিএনপিকর্মীরাও সংগঠিত হচ্ছে বলে স্থানীয়রা জানায়। ফলে সংঘাতের আশঙ্কা করছে এলাকাবাসী।
তবে ওসি বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
