২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পার্বত্য চুক্তি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইলেন হাসিনা

খাগড়াছড়ির জনসভায় পার্বত্য শান্তি চুক্তি পূর্ণ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2013, 07:39 PM

Updated : 13 Oct 2022, 03:03 PM

প্রায় দেড় যুগ পর সোমবার পার্বত্য জেলা খাগড়াছড়ি গিয়ে জনসভার পাশাপাশি ১৮টি উন্নয়ন প্রকল্প উদ্বোধনও করেন তিনি।

জনসভাস্থল খাগড়াছড়ি স্টেডিয়ামে পৌঁছলে পাহাড়ি নৃত্যে স্বাগত জানানো হয় আওয়ামী লীগ সভানেত্রীকে। জনসভায় ছিল পাহাড়ি-বাঙালির সম্মিলিত উপস্থিতি।

১৯৯৭ সালে নিজের আগের সরকারের সময়ে করা পার্বত্য শান্তিচুক্তির কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, তার আগে এ অঞ্চলে প্রতিনিয়ত সন্ত্রাস লেগে থাকত।

“পার্বত্যাঞ্চলের মানুষের কল্যাণে আমরা শান্তি চুক্তি করেছি। চুক্তির  চিরস্থায়ী বাস্তবায়নের লক্ষ্যে আওয়ামী লীগ কাজ করছে। আবার ক্ষমতায় গেলে বাকি টুকুও বাস্তবায়ন করা হবে।”

চুক্তির পর ভারত প্রত্যাগত ৬২ হাজার শরণার্থীকে পুনর্বাসনসহ পার্বত্যাঞ্চলের উন্নয়নে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে তা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার আহ্বান জানান হাসিনা।

পার্বত্যাঞ্চলে এখন সন্ত্রাস ও ধ্বংসাত্মক কাজে যারা লিপ্ত রয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

জনসভায় বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, “১৫ বছর আগে শান্তি চুক্তির মধ্য দিয়ে ভ্রাতৃঘাতী সংঘাতের অবসান ঘটিয়েছিলেন শেখ হাসিনা।”

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেন, “পার্বত্য শান্তি চুক্তি বিরোধীদের বুঝিয়ে দিতে হবে, তাদের কোনো অশান্তির পাঁয়তারা মেনে নেয়া হবে না।”

শেখ হাসিনা পার্বত্যাঞ্চলে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, সব এলাকায় বিদ্যুৎ পৌঁছে দেয়া, পর্যটন এলাকা হিসেবে মহাপরিকল্পনা নিয়ে গড়ে তোলার আশ্বাস দেন।

বিরোধী দলের হরতালের মধ্যে জনসভায় বক্তব্যে বিরোধী দলের কর্মসূচির সমালোচনাও করেন প্রধানমন্ত্রী।

“আজ  দেশে হরতালের নামে সাধারণ মানুষকে জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে। বিরোধীদলীয় নেতাকে জিজ্ঞাসা করতে চাইলে, তিনি এই হরতাল দিয়ে কী অর্জন করলেন?”

জনসভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মধ্যে বক্তব্য রাখেন তোফায়েল আহমেদ, আবদুর রাজ্জাক,ফারুক খান,দীপঙ্কর তালুকদার, সাইফুজ্জামান শিখর প্রমুখ।

স্থানীয় নেতাদের মধ্যে বক্তব্য রাখেন শামসুল হক,দিদারুল আলম,  কংজ্যরী মার্মা,জয়নাথ দেব,মেমং মার্মা, মাইনুদ্দীন,শাহেদা আক্তার,সাজাই মার্মা,জ্ঞানবিকাশ চাকমা, হেমন্ত ত্রিপুরা,জাবেদ হোসেন,আবুল কাশেম,রতন কুমার শীল প্রমুখ।