ঝিনাইদহে স্পিরিট পানে ৪ জনের মৃত্যু
ঝিনাইদহের কালীগঞ্জ ও কোটচাঁদপুর উপজেলায় স্পিরিট পানে দুই সহোদরসহ চার জনের মৃত্যু হয়েছে। এছাড়া অসুস্থ রয়েছেন দুজন।
মৃতরা হলেন, কালীগঞ্জের কাশীপুর গ্রামের তক্কেল আলির ছেলে নবা (৩০), বারোবাজার মহিষাহাটি বেদেপাড়ার বাহার আলির ছেলে নজরুল ইসলাম (৩৭) ও মোজম্মেল হোসেন (৪০) এবং কোটচাঁদপুরের সলেমানপুরের পটু সরদারের ছেলে মন্টু সরদার ওরফে মগা (৪০)।
মষিহাটির বেদেপাড়ার সরদার বাহার আলি জানান, শনিবার রাতে তার মেয়ে হামিদার বিয়ের অনুষ্ঠান ছিল। এ উপলক্ষে বাড়ির পাশের তৈয়বের দোকান থেকে তার ছেলেরা স্পিরিট কিনে খান।
এতে অসুস্থ হয়ে রোববার রাতে তার দুই ছেলে নজরুল ও মোজাম্মেল মারা যান।
এছাড়া পটু সরদারের ছেলে নবা সোমবার ভোরে যশোর হাসপাতালে মারা যান বলেও তিনি জানান।
কালীগঞ্জ হাসপাতালের চিকিৎসক আব্দুস সাত্তার জানান, স্পিরিট পানে অসুস্থ মহিষাহাটির খায়রুল ইসলাম হাসপাতালে ভর্তি আছেন।
বুড়ি নামে আরেকজন যশোর হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে সরদার বাহার জানান।
কালীগঞ্জ থানার ওসি মনির উদ্দিন মোল্লা জানান, বারোবাজারের পাশে মষিহাটি বেদেপাড়ায় বিষাক্ত স্পিরিট পানে তিনজন মারা গেছে। কেউ কোনো অভিযোগ করেনি এবং লাশও দাফন করে ফেলেছে।
কোটচাঁদপুর থানার ওসি শাহাজাহান আলি খান জানান, শুক্রবার মদ খেয়ে বাড়ি ফেরার পথে মন্টু সরদার কোটচাঁদপুর পৌর চেয়ারম্যানের বাড়ির পাশে মরে পড়ে ছিল।
