২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভার-আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, বিজিবি মোতায়েন

মালিকপক্ষ মজুরি বোর্ড ঘোষিত ন্যূনতম মজুরি মেনে না নেয়ায় শ্রমিক বিক্ষোভের পর সাভার ও আশুলিয়ার অর্ধশতাধিক কারখানায় সোমবারও ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2013, 12:58 PM

Updated : 23 Aug 2022, 07:15 PM

বিশৃঙ্খলা ঠেকাতে দুই শিল্পাঞ্চলে টহল শুরু করেছে বিজিবি।

পুলিশ জানায়, শ্রমিকরা সকালে কারখানায় এসে বিক্ষোভ শুরু করে এবং এক পর্যায়ে শিল্প পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। পরে পুলিশ রাবার বুলেট ও কাঁদুনে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষ চলাকালে পথচারীসহ শতাধিক শ্রমিক আহত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

শিল্প পুলিশ-১ আশুলিয়া অঞ্চলের পরিদর্শক আব্দুস সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৮টার দিকে জিরাব-বিশমাইল এবং বাইপাইল থেকে জিরাব পর্যন্ত সড়কের দুই পাশে অর্ধশতাধিক কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। ফলে নিরাপত্তার স্বার্থে সোমবারের জন্য কারখানায় ছুটি দিয়ে দেয় মালিকরা।

সাভার অঞ্চলের শিল্প পুলিশের এসআই ওমর ফারুক জানান, সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিক বিক্ষোভ শুরুর পর প্রাইড গ্রুপের এইচ আর টেক্সটাইল লিমিটেড, স্ট্যান্ডার্ড গ্রুপ ও আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড কারখানায় একদিনের ছুটি ঘোষণা করে মালিকরা।

আশুলিয়া অঞ্চলের পরিদর্শক আব্দুস সাত্তার বলেন, সেখানকার অর্ধশতাধিক কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা কাজ থামিয়ে বাইরে এসে কারখানার দিকে ইট-পাটকেল ছোড়ে এবং সড়কে গাড়ি ভাংচুরের চেষ্টা চালায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিপেটা শুরু করলে শুরু হয় সংঘর্ষ। জিরাব এলাকাসহ বিভিন্ন পয়েন্টে পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলে।

এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ রাবার বুলেট ও কাঁদুনে গ্যাস ছুড়ে বিক্ষোভকারীদের হটিয়ে দেয় বলে আব্দুস সাত্তার জানান।

এদিকে সাভার অঞ্চলের এসআই ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সেখানে সকাল সাড়ে ৮টার দিকে প্রথমে বিক্ষোভ দেখায় এইচ আর টেক্সটাইল লিমিটেড কারখানার শ্রমিকরা। পরে তাদের সাথে যোগ দেয় অন্য দুই কারখানার শ্রমিকরা।

বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে আশেপাশের কারখানায় ইট-পাটকেল ছুড়ে শ্রমিকদের বের করে আনে। এ সময় তারা সাভারের উলাইল বাসস্ট্যান্ডে অবস্থান নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে গাড়ি ভাংচুরের চেষ্টা চালায়। 

পরে সকাল ৯টার দিকে পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয় ।

মজুরী বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শ্রমিকদের নূন্যতম মজুরী ৫৩০০ টাকা করা হলেও মালিক পক্ষ তা মেনে নেয়নি। এনিয়ে বেশ কয়েক দিন ধরেই শ্রমিক অসন্তোষ চলে আসছে সাভার-আশুলিয়ায়। 

সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল জানান, বিশৃঙ্খলা ঠেকাতে দুই শিল্পাঞ্চলে সকাল ১০টা থেকে বিজিবির টহল শুরু হয়েছে।