২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট

জরুরি বিভাগের এক চিকিৎসককে লাঞ্ছিত করার প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তারসহ তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2013, 04:50 PM

Updated : 23 Aug 2022, 07:15 PM

রোববার বেলা ১২টা থেকে তারা এ ধর্মঘট শুরু করে।

তাদের অন্য দুই দাবি হচ্ছে- হাসপাতাল ক্যাম্পাসে অবিলম্বে পুলিশ ফাঁড়ি স্থাপন ও হাসপাতালের তত্ত্বাবধায়কের পদত্যাগ।

ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি সাইফুজ্জাহান রবি জানান, শুক্রবার রাত ১১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ফরিদউদ্দিনকে হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন মিনাজমুন নামে এক রোগীর দুই স্বজন লাঞ্ছিত করে।

তিনি বলেন, ওই রোগীর স্বজনরা মোটরসাইকেল নিয়ে জরুরি বিভাগে ঢুকে পড়লে ফরিদউদ্দিন তাদের নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা চিকিৎসককে মারধর করে।

এ ঘটনার পর ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালের তত্ত্বাবধায়ককে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ২৪ ঘন্টার  সময় বেঁধে দেয়।

“কিন্তু ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও কোনো ব্যবস্থা না নেওয়ায় আমরা ধর্মঘটে যেতে বাধ্য হয়েছি,” বলেন তিনি।

হাসপাতালের তত্ত্বাবধায়ক শামসুল আলম বলেন, ঘটনাটি জেনে আমি প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশ ও জেলা প্রশাসনকে অনুরোধ জানিয়েছি। কিন্তু পুলিশ রোববার পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করতে পারে নি।”

পদত্যাগ সম্পর্কে তিনি বলেন, “লাঞ্ছিতদের শনাক্ত করে গ্রেপ্তার বা আটকে ব্যর্থতার দায় আমার নয়। আমি তো কাউকে গ্রেপ্তার বা আটক করতে পারি না।”