২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে বিএনপি কার্যালয় ভাংচুর

মাদারীপুরে বিএনপি কার্যালয় ভাংচুরের অভিযোগ উঠেছে ছাত্রলীগকর্মীদের বিরুদ্ধে।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2013, 03:54 PM

Updated : 23 Aug 2022, 07:15 PM

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা টানা ৮৪ ঘণ্টার হরতালের প্রথম দিন রোববার সকাল সাড়ে ১১টার দিকে মাদারীপুর পৌরসভার চরমুগুরিয়ায় বিএনপি কার্যালয় ভাংচুর হয়।

জেলা বিএনপির সভাপতি আবু বকর মুন্সী অভিযোগ করেন, ছাত্রলীগ নেতা রুবেল খানের নেতৃত্বে ২০/২৫ টি মোটরসাইকেল নিয়ে এসে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে অফিসে প্রবেশ করে পুরো অফিস ও ভেতরের টেলিভিশন, আলমারিসহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে তছনছ করে ফেলে।

তিনি বলেন, “এ সময় হরতালে কর্তব্যরত পুলিশ উপস্থিত থাকলেও তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।”

সদর থানার ওসি সুভাষ পাল বলেন, “বিএনপি অফিস ভাংচুরের খবর আমি শুনেছি। তবে এখনো আমি সেখানে যেতে পারিনি।”

পুলিশের সামনে ভাংচুরের বিষয়টি অস্বীকার করে জেলা পুলিশ সুপার ফরিদুল ইসলাম বলেন, “আমাদের কাছে কেউ অফিস ভাংচুরের অভিযোগ নিয়ে আসেনি। যদি অভিযোগ পাই তাহলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”