সব দলকে নির্বাচনী প্রক্রিয়া শুরুর আহ্বান আশরাফের
মধ্য জানুয়ারিতে দেশে নতুন সরকার আসছে জানিয়ে সব দলকে নির্বাচনী প্রক্রিয়া শুরুর আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম।
বিরোধী দলের ‘একদলীয় নির্বাচন’ প্রতিহতের হুমকির মধ্যেই রোববার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের মনোনয়ন ফরম বিক্রি শুরুর উদ্বোধন করে তিনি এ কথা বলেন।
দলীয় সভানেত্রী শেখ হাসিনার নামে মনোনয়ন ফরম সংগ্রহের মধ্যে দিয়ে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নের এই কার্যক্রম শুরু হয়।
দলীয় সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ ও দলের উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ গোপালগঞ্জ-৩ আসনের জন্য শেখ হাসিনার নামে আবেদন ফরম কেনেন।
এ বছর আওয়ামী লীগের আবেদন ফরমের দাম নির্ধারণ করা হয়েছে ২৫ হাজার টাকা। দলের কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলায় সাত বিভাগের জন্য সাতটি বুথ থেকে আবেদনপত্র বিতরণ ও জমা নেয়া হচ্ছে।
এ কার্যক্রমের উদ্বোধন করে আশরাফ বলেন, দেশের মানুষ ভোটের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন চায়। এবারের নির্বাচন উৎসবমুখর পরিবেশে হবে এবং সব ভোটার তাতে অংশ নেবেন।
“কেউ ভোটারদের নির্বাচন কেন্দ্র যেতে বাধা দিলে তা গণতন্ত্রের জন্য শুভ হবে না।”
মধ্য জানুয়ারিতে দেশের মানুষ নতুন সরকার পাবে মন্তব্য করেন আশরাফ বলেন, “সকল রাজনৈতিক দলকে অনুরোধ করছি, আপনারা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে নির্বাচনে অংশ নিন। ”
মনোনয়ন কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, যারা আওয়ামী লীগের রাজনীতি করে তারা সবাই মনোনয়ন ফরম কিনতে পারবেন।
আগামী ১৬ নভেম্বর পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেয়া হবে জানিয়ে আশরাফ বলেন, প্রয়োজন হলে পরে সময় বাড়ানো হতে পারে।
সকাল থেকেই বিভিন্ন এলাকার মনোনয়নপ্রত্যাশীরা নেতাকর্মী-সমর্থকদের নিয়ে আবেদন ফরম সংগ্রহ করতে দলীয় কার্যালয়ে হাজির হন। হাজারো নেতাকর্মী-সমর্থকের মিছিল-স্লোগানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় বঙ্গবন্ধু এভিনিউ এলাকায়।
তৃতীয় তলায় থেকে মনোনয়ন ফরম বিক্রির বুথের সামনে ভীড় সামলাতে নেতাকর্মীদের হিমশিম খেতে দেখা যায়।
তারা জানান, প্রতিদিনি সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেয়া হবে। সংবিধান অনুযায়ী, আগামী ২৪ জানুয়ারির মধ্যে দশম জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে।
