২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধীদের রক্ষার জন্যই হরতাল: লতিফ সিদ্দিকী

যুদ্ধাপরাধীর রক্ষা ও বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতেই হরতাল ডাকা হচ্ছে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী।

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2013, 11:40 PM

Updated : 25 Apr 2022, 07:30 PM

শনিবার বিকালে নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত সপ্তম আন্তর্জাতিক উইমেন এসএমই এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চিটাগাং উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মাসব্যাপী এ মেলার আয়োজন করে।

অনুষ্ঠানে লতিফ সিদ্দিকী বলেন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বিরোধীতাকারীদের রক্ষার জন্য যারা হরতাল ডাকে তারা দেশের শত্রু। সবাই এক হয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

তিনি বলেন, এখন হরতালের নামে যা হচ্ছে তা রাজনৈতিক নয়। এর একমাত্র লক্ষ্য যুদ্ধাপরাধীদের মুক্ত করা। বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা এবং বাংলাদেশের অগ্রগতিতে বাধা সৃষ্টি করা।

মেলা আয়োজক সংগঠনের সভাপতি কামরুন মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংসদ এম এ লতিফ, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ চেমন আরা তৈয়ব ও মেহজাবিন মোরশেদ, এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, প্রথম সহ-সভাপতি মনোয়ারা হাকিম আরী প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেলা আয়োজক কমিটির সভাপতি সৈয়দা জিন্নাত আরা নিপুণ।

বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো, এফবিসিসিআই, এসএমই ফাউন্ডেশন ও জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন স্টোরের সহযোগিতায় এবারের মেলা আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে জানানো হয় মেলায় ইরান, পাকিস্তান ও ভারতসহ দেশ-বিদেশের উদ্যেক্তারা অংশ নিচ্ছেন। এবারের মেলায় ২৫০টি স্টল, ২০টি প্যাভেলিয়ন, আইটি জোন, হাউজিং জোন ও আলাদা ফার্নিচার জোন থাকছে।