সীতাকুণ্ডে মহাসড়কে বিজিবি
আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
শনিবার রাত ৮টায় উপজেলায় বিজিবির টহল শুরু হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ শাহীন ইমরান।
তিনি বলেন, রাত আটটায় সীতাকুণ্ডে বিজিবি টহল দেয়া শুরু করেছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক নিরাপদ রাখতে ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি মোতায়েন করা হয়েছে।
শুক্রবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার দক্ষিণ বাইপাস, কুমিরা, বাঁশবাড়িয়া ও বাড়বকুণ্ডসহ কয়েকটি স্থানে সড়ক অবরোধ করে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা।
এ সময় পুলিশের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়। পরে রাত ৩টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এরপর সড়ক থেকে প্রতিবন্ধকতা সরাতে প্রায় ভোর পর্যন্ত সময় লেগে যায়।
এদিকে সড়ক অবরোধ ও সংঘর্ষের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে শনিবার সকালে প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
সাম্প্রতিক সময় হরতাল চলাকালে ও হরতালের আগের দিন সীতাকুণ্ড উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, গাড়ি ভাংচুর ও যাত্রীবাহী গাড়িতে আগুন দেয়ার মত একাধিক ঘটনা ঘটেছে।
