২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনেস্কোর সাধারণ অধিবেশনে ‘বাংলাদেশের অর্জনের চিত্র’

শিক্ষাক্ষেত্রে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ছেলে-মেয়েদের সমতা অর্জনের বিষয়টি ইউনেস্কোর সাধারণ অধিবেশনে তুলে ধরেছেন শিক্ষা সচিব কামাল আবদুল নাসের চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2013, 09:48 PM

Updated : 23 Aug 2022, 07:14 PM

শনিবার প্যারিসের স্থানীয় সময় দুপুর ১টায় ইউনেস্কো ৩৭তম সাধারণ অধিবেশনের নীতি নির্ধারণী বিতর্কে তিনি বিষয়টি তুলে ধরেন।

শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিবেশনে বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্ষেত্রে বাংলাদেশের অর্জন তুলে ধরেন শিক্ষা সচিব।

“তিনি বাংলাদেশের আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটকে ইউনেস্কো ক্যাটেগরি-২ সেন্টার হিসেবে প্রতিষ্ঠিত করার দাবি জানান।”

বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব বর্ণনা করতে গিয়ে নাসের চৌধুরী সমুদ্রের পানির উচ্চতা এবং পানির লবণাক্ততা বাড়ার সুন্দরবনের জীব বৈচিত্র্য হুমকির মুখে রয়েছে তার বক্তব্যে উল্লেখ করেন।

এছাড়া সুন্দরবনকে রক্ষায় বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি।

অধিবশেনে পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন সচিব।

অন্য সদস্যরা হলেন- প্যারিসস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মো. শহীদুল ইসলাম, বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের সচিব জনাব মো. মনজুর হোসেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং প্যারিসের প্রথম ও দ্বিতীয় সচিব।

ইউনেস্কো সাধারণ সভার বর্তমান অধিবেশন গত ৫ নভেম্বর থেকে শুরু হয়েছে, চলবে ২০ নভেম্বর পর্যন্ত।

৫৮ সদস্যবিশিষ্ট ইউনেস্কো নির্বাহী বোর্ডের সদস্যপদ লাভের জন্য বাংলাদেশ আগামী ১৩ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।

১৯৭২ সালে বাংলাদেশ প্রথম ইউনেস্কোর সাধারণ সদস্যপদ লাভের পর এ পর্যন্ত পাঁচবার চার বছর মেয়াদী ইউনেস্কো নির্বাহী বোর্ডের সদস্য হিসাবে দায়িত্ব পালন করে।