২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় ধর্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন

গাইবান্ধায় অপহরণের পর এক গৃহবধূকে আটকে রেখে গণধর্ষণে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে  মানববন্ধন করেছে এলাকাবাসী।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2013, 09:16 PM

Updated : 23 Aug 2022, 07:14 PM

শনিবার জেলা শহরের ডি বি রোডে সচেতন এলাকাবাসীর ব্যানারে আয়োজিত এ মানববন্ধন সকাল ১১টায় শুরু হয়ে প্রায় দেড় ঘণ্টা স্থায়ী হয়।

এতে অংশ নেয় নারীজোট, নারী মুক্তি কেন্দ্র, বাংলাদেশ মানবাধিকার কমিশন গাইবান্ধা শাখা,  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের লোকজন ।

জেলা মানবাধিকার কমিশনের সভাপতি অ্যডভোকেট সেকেন্দার আযম আনান, সিপিবি সভাপতি মিহির ঘোষ, নারী মুক্তি কেন্দ্রের সভানেত্রী রোকেয়া খাতুনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার এক গৃহবধূকে কয়েকজন দূর্বৃত্ত গত ৯ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত আটকে রেখে ধর্ষণ করে।

২৪ সেপ্টেম্বর দূর্বত্তদের কাছ থেকে ছাড়া পেয়ে ওই গৃহবধূ ২৫ সেপ্টেম্বর সাদুল্লাপুর থানায় একটি মামলা করেন।

মামলায় উপজেলার ভাঙ্গামোড় গ্রামের আব্দুর রাজ্জাক মন্ডলের ছেলে লেচু মন্ডল (২৮), পশ্চিম দামোদরপুর গ্রামের আব্দুর রউফ মন্ডলের ছেলে মো. রানা মন্ডল (৩০), তার সঙ্গী একই গ্রামের সুরুজ্জামানের ছেলে মো. নজরুল ইসলাম (২০), দামোদরপুর গ্রামের মো. আবুল মিয়ার ছেলে মো. জাহাঙ্গীর আলম শান্ত (২৬) ও পশ্চিম দামোদরপুর গ্রামের খাজা কাজীর ছেলে আনারুল কাজিকে (২৮) আসামি করা হয়।

মামলার নথি থেকে জানা যায়, ৯ সেপ্টেম্বর  বিকালে ওই গৃহবধূ সাদুল্লাপুর উপজেলা সদর থেকে তার স্বামীর বাড়ী উপজেলার উত্তর হাটবামুনি গ্রামে যাওয়ার পথে আসামিরা তাকে একটি স্কুল ঘরে নিয়ে গভীর রাত পর্যন্ত আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করে।

পরে ওই রাতেই আসামিরা তার গায়ের বিভিন্ন স্বর্ণালংকার খুলে নিয়ে হাত, পা, মুখ ও চোখ বেঁধে একটি সিএনজি অটোরিকশা করে বগুড়ার একটি পরিত্যক্ত বাড়িতে রেখে আসে।

সেখানে তিন জন অজ্ঞাত পরিচয় যুবক গত ২৪ সেপ্টেম্বর পর্যন্ত আটকে রেখে তাকে আবারো পালাক্রমে ধর্ষণ করে বগুড়া শহরের একটি রাস্তায় ফেলে যায়।

মানববন্ধনে বক্তারা পুলিশি নিস্ক্রিয়তার কারণে গাইবান্ধায় নারী ও শিশু ধর্ষণের ঘটনা আশংকাজনক হারে বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন।

মামলা দায়েরের প্রায় দেড় মাস পরও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করে মানববন্ধনে বক্তারা বলেন, পুলিশ অজ্ঞাত কারণে আসামিদের গ্রেপ্তার করছে না। বরং পুলিশ মামলাটি ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা চালাচ্ছে।

এ ব্যাপারে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়া লতিফুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ দুর্বৃত্তদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।