২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় থানায় বোমা হামলা, আটক ১২

হরতালের সমর্থনে ১৮ দলের মিছিল থেকে বগুড়া সদর থানা এলাকায় অর্ধশতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2013, 09:04 PM

Updated : 23 Aug 2022, 07:14 PM

শনিবার বিকালে এ থানার অভ্যন্তরে ও এর পাশের সড়কে ৫০/৬০টি বোমার বিস্ফোরণ ঘটানো হয়ে বলে পুলিশ জানিয়েছে।

মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটাসহ রাবার বুলেট ও টিয়ারসেল ছুড়লে শহরের সাতমাথা কাঁঠালতলা, ঝাউতলা, বড়গোলা, নবাববাড়ী এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

পুলিশের লাঠিপেটায় জেলা বিএনপি সভাপতি সাইফুল, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁনসহ ১০/১২ জন নেতাকর্মী আহত হন।

তবে পুলিশের লাঠিপেটা ও টিয়ারসেলের আঘাতে দলের শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক মাহফুজার রহমান রাজু।

বগুড়ার সদর থানার ওসি সৈয়দ শহিদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিছিলকারীরা থানায় হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালানোর পর বিশৃঙ্খলা এড়াতে পুলিশ শতাধিক রাউন্ড টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।

ঘটনাস্থল থেকে শহর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক শিল্পী বেগমসহ ১২ জনকে আটক করা হয় বলে তিনি জানান।

এদিকে মিছিল ছত্রভঙ্গ হওয়ার পর শহরের বিভিন্ন এলাকায় চারটি মোটরসাইকেলসহ অন্তত ১০টি যানবাহনে ভাংচুর চালায় হরতাল সমর্থকরা।

মিছিলকারীদের হামলায় বেসরকরি টেলিভিশন এনটিভির ক্যামেরাপার্সন এমদাদুল হক আহত হন বলে জানান ওই চ্যানেলটির জেলা প্রতিনিধি আতিকুর রহমান।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল পৌনে ৫টায় শহরের এডওয়ার্ড পার্ক থেকে ১৮ দলের একটি মিছিল বের হয়। মিছিলটি সাতমাথা জিরো পয়েন্ট পার হয়ে সদর থানার কাছাকাছি গিয়ে থানার মধ্যে ও বাইরে রাস্তায় উপর্যুপরি ৫০-৬০টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় পুলিশ তাদের ওপর রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে ছত্র ভঙ্গ করে দেয়।

নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে দুই দফা হরতাল পালনের পর শুক্রবার আবার ৭২ ঘণ্টার হরতালের ডাক দেয় ১৮ দলীয় জোট। ওই ঘোষণার পর পর রাজধানীতে দলের কয়েকজন শীর্ষ নেতাকে গ্রেপ্তার করার পর হরতাল আরো ১২ ঘণ্টা বাড়ানো হয়। এছাড়া সারাদেশে সহিংস হয়ে ওঠে ১৮ দলের নেতাকর্মীরা।