পা দিয়ে লিখেই প্রকৌশলী হতে চায় নিশাত
পা দিয়ে লিখে যে মেয়েটি প্রাথমিক সমাপনী পরীক্ষায় বৃত্তি পেয়েছিল, সে এবার অংশ নিচ্ছে জেএসসি পরীক্ষায়।
রংপুরের লায়ন্স স্কুল ও কলেজ কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে সাবসাবিলা আক্তার নিশাত।
শনিবার পরীক্ষার কেন্দ্রে গিয়ে দেখা যায়, দুপায়ে পরীক্ষার খাতা ভাঁজ করে তারপর ডান পায়ে কলম ধরে সাবলীলভাবে লিখে যাচ্ছে। জানাল, প্রশ্ন ভাল হওয়ায় পরীক্ষাও ভাল হচ্ছে।
নিশাত রংপুর নগরীর মাহিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের ছাত্রী। পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষায় পা দিয়ে লিখেই সে সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে বলে স্বজনরা জানিয়েছেন।
রংপুর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের হাওয়াইকারটারি গ্রামের ব্যবসায়ী শাহজাহান আলীর তিন ছেলে-মেয়ের মধ্যে সবার ছোট সে।
শাহজাহান আলী জানান, জন্ম থেকেই নিশাতের হাত দুটি ছোট। তাই পা দিয়ে সে সব ধরনের কাজ করে। মোবাইলর ফোনও খুবই সাবলীলভাবে ব্যবহার করতে পারে।
খুব ছোটবেলা থেকেই বই-খাতার প্রতি তার প্রবল আগ্রহ। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রতিটি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে নিশাত, জানান তার বাবা।
মাহিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জাহানারা বেগম বলেন, নিশাত অত্যন্ত মেধাবী।
সে প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
নিশাত জানায়, শারীরিক অক্ষমতার কারণে তার কোনো সমস্যা হচ্ছে না। বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষার প্রশ্ন সহজ হয়েছে। ইংরেজি প্রথমপত্রও বাংলা প্রথমপত্রের পরীক্ষাও ভাল দিয়েছে। অন্য বিষয়ের পরীক্ষা ভাল হবে বলে আশাবাদী সে।
ভবিষ্যতে কম্পিউটার প্রকৌশলী হতে চায় নিশাত।
