সিলেটে ছাত্রদলের বোমাবাজি, গাড়ি ভাংচুর
সিলেট নগরীতে হরতালের সমর্থনে ছাত্রদলের মিছিল থেকে বোমা বিস্ফোরণ ও গাড়ি ভাংচুর করা হয়েছে।
শনিবার বিকালে আম্বরখানা, জিন্দাবাজার, চৌহাট্টা ও দরগা গেইট এলাকায় এ বোমাবাজি ও ভাংচুরের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মহানগর পুলিশের সহকারী উপ-কমিশনার মোহাম্মদ আইয়ুব জানান, হরতালের সমর্থনে বিকাল ৪টায় জিন্দাবাজার এলাকা থেকে একটি মিছিল বের করে জেলা ও মহানগর ছাত্রদল।
ওই মিছিল থেকে থেকে ৮-১০টি হাতবোমার বিষ্ফোরণ ঘটায় তারা।
এছাড়া, সাড়ে ৪টায় আম্বরখানা, চৌহাট্টা ও দরগা গেইট এলাকায় ছাত্রদলকর্মীরা অন্তত অর্ধশতাধিক যানবাহন ভাংচুর করে। এ সময় তারা বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়।
আরো কয়েকটি স্থানে হরতালের সমর্থনে ১৮ দলের মিছিল থেকেও বোমাবাজি করা করা হয় বলে এলাকাবাসী ও পুলিশ জানিয়েছে।
ভাংচুর ও বোমবাজির ঘটনায় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন।
পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আইয়ুব আরো জানান, ঝটিকা মিছিল থেকে এসব বোমাবাজি করে হরতাল সমর্থকরা। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগে তারা পালিয়ে যায়।
ঘটনার পর থেকে নগরীর বিভিন্ন মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান আইয়ুব।
