২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতাল প্রত্যাহারের দাবি বিআইএ’র

১৮ দলীয় জোটের ডাকা টানা ৮৪ ঘণ্টার হরতাল প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2013, 07:40 PM

Updated : 23 Aug 2022, 07:15 PM

বিআইএ এর সভাপতি শেখ কবির হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, এ ধরনের হরতাল অব্যাহত থাকলে দেশ চরমভাবে অর্থনৈতিক ও সামাজিক হুমকির মুখে পড়বে।

“হরতালের কারণে দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম যেমন বেড়েছে তেমন সাধারণ ক্রেতাদেরও ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এতে ব্যবসায়িক কার্যক্রম দারুনভাবে ব্যহত হচ্ছে।”

নির্দলীয় সরকারের দাবিতে গত দুই সপ্তাহে তিন দিন করে ছয় দিন হরতালের পর রবি থেকে মঙ্গলবার ৭২ ঘণ্টার জন্য একই কর্মসূচি দিয়েছিল ১৮ দল। পরে বিএনপির কয়েকজন শীর্ষ নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে হরতাল কর্মসূচি আরো ১২ ঘণ্টা বাড়িয়ে বুধবার সন্ধ্যা পর্যন্ত করা হয়।

কবির হোসেন বলেন, “হরতালের ফলে গাড়ি ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটছে। এর ফলে অন্যান্য ব্যবসার পাশাপাশি বীমা ব্যবসারও ব্যাপক ক্ষতি হচ্ছে।”

গত জানুয়ারী থেকে মার্চ মাস পর্যন্ত ডাকা হরতালে দেশের সকল নন-লাইফ বীমা প্রতিষ্ঠানগুলোর মোট ক্ষতির পরিমাণ শত কোটি টাকা বলে দাবি করেন তিনি।

অক্টোবর মাস থেকে এ ক্ষতির পরিমাণ আরো বাড়ার আশঙ্কা করছে বিআইএ।