২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় দুর্ঘটনায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুমিল্লার ক্যান্টনমেন্ট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় এক পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হন অন্তত ১০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কুমিল্রা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2013, 07:18 PM

Updated : 23 Aug 2022, 07:15 PM

শনিবার বিকালে ক্যান্টনমেন্ট বোর্ড মার্কেটের সামনে এ দুর্ঘটনায় নিহতদের মধ্যে চারজনের নাম জানা গেছে।  

এদের মধ্যে রয়েছেন কুমিল্লার মুরাদনগর উপজেলার গান্ধা গ্রামের রোকসানা (৩০), তার বোন ফারজানা (২৩), ফাজানার স্বামী আরিফ (২৮) এবং রংপুরের গঙ্গাচরা উপজেলার বাসিন্দা কলা ব্যবসায়ী নজরুল ইসলাম।

অজ্ঞাত পরিচয় এক নারীর নাম জানা যায়নি। আহতদের কুমিল্লার সম্মিলিত সামরিক হাসপাতাল ও সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেয়া হচ্ছে।

ময়নামতি হাইওয়ে থানার ওসি মো. মশিউর রহমান পাঁচজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেন চারজনের লাশ থানায় আনা হয়েছে। একজনের লাশ হাসপাতালে রয়েছে।

কাভার্ডভ্যানের চালককে আটক করা যায়নি বলে তিনি জানান।

স্থানীয় সাংবাদিক আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল ৫টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি কাভার্ড ভ্যান ক্যান্টনমেন্ট এলাকা অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ক্যান্টনমেন্ট বোর্ড মার্কেটের প্রাঙ্গণে ঢুকে পড়ে।

এ সময় সেখানে দাঁড়িয়ে থাকা কয়েকজন মানুষসহ বেশ কয়েকটি রিকশা, অটোরিকশা ও মোটরসাইকেলকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলে চারজন নিহত হন। হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় একজনের।