ফরিদপুরে পৃথক দুর্ঘটনায় নিহত ৩
ফরিদপুরের নগরকান্দা ও ভাঙ্গায় ট্রাকচাপায় তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো দুইজন।
শনিবার বিকালে নগরকান্দার তালমা মোড়ে ও ভাঙ্গার নওয়াপাড়া এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নগরকান্দা থানার ওসি আব্দুল করিম জানান, তালমা মোড়ে রাস্তার পাশে আল-মদিনা মোটর ওয়ার্কশপের সামনে একটি নষ্ট পিকআপ মেরামতের কাজ করছিল পিকআপ চালক সবুজ ও গ্যারেজ কর্মী রাকিব।
বিকেল সোয়া পাঁচটার দিকে ফরিদপুর থেকে বরিশালমুখী একটি ট্রাক (যশোর-ট-১১-০৩৩০) সেখানে এলে ট্রাকটির সামনের বাম পাশের চাকা ফেটে যায়। এতে ট্রাক চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি পিকআপ ভ্যানের ওপর গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই সবুজ ও রাকিব নিহত হয়।
নিহত সবুজ ফরিদপুরের সদরপুর উপজেলার নিজ গ্রামের কানু শেখের ছেলে এবং রাকিব নগরকান্দার মানিকদী গ্রামের শাজাহান শিকদারের ছেলে।
পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
এদিকে বিকেল সাড়ে পাঁচটার দিকে একই ভাঙ্গা উপজেলা সদরের নওপাড়ায় ট্রাকচাপা পড়ে মাহবুব (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আহত হয়েছে আরো দুইজন।
আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি শাহরিয়ার হাসান জানান, একটি মোটর সাইকেলে তিনজন আসছিলেন। পেছন দিকে থেকে একটি অজ্ঞাত ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে গেলে মাহবুব মারা যায়।
