‘ভাইয়ের স্ত্রীর’ লাঠির আঘাতে নিহত
তুচ্ছ ঘটনা নিয়ে নড়িয়া উপজেলায় ছোট ভাইয়ের স্ত্রীর লাঠির আঘাতে এক ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার পশ্চিম কেদারপুর গ্রামে এ লাঠির আঘাতে আহত হন আ. মতিন সিকদার। শনিবার দুপুরে তার মৃত্যু হয়।
এ ঘটনায় পুলিশ মতিনের ভাইয়ের স্ত্রী মাজেদা বেগমকে গ্রেপ্তার করেছে।
নড়িয়া থানার ওসি আবুল খায়ের ফকির বলেন, পশ্চিম কেদারপুর গ্রামে ছাগলে মরিচ গাছ খাওয়াকে কেন্দ্র করে মান্নান সিকদারের স্ত্রী শুক্রবার বিকালে ছেলেকে লাঠি নিয়ে মারতে যান।
এ সময় তার ছেলে চাচা মতিন সিকদারের ঘরের ভিতর ঢুকে পড়লে ভাতিজাকে রক্ষা করতে চাচা এগিয়ে আসেন।
এ সময় মতিন সিকদারকে তার ছোট ভাইয়ের (মান্নান সিকদার) স্ত্রী মাজেদা বেগম লাঠি দিয়ে মাথায় আঘাত করেন।
আঘাত সামান্য ভেবে তাকে স্থানীয় ডাক্তার দিয়ে চিকিৎসা করে বাড়িতে রাখা হয়। শনিবার দুপুরে তার মৃত্যু হয়।
ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে নিহতের ছেলে জসিম সিকদার বাদী হয়ে নড়িয়া থানায় একটি খুনের মামলা দায়ের করেছেন।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, ঘাতক মাজেদা বেগমকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।
