নারায়ণগঞ্জে বাসচাপায় শিক্ষক নিহত
নারায়ণগঞ্জ সদরে বাসচাপায় টেম্পু আরোহী এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।
বুধবার বিকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার দক্ষিণ সস্তাপুরে এ দুর্ঘটনায় গুরুতর আহত হন ঝন্টু মালাকার (৩০)। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতের ঝন্টু ফতুল্লার শিবু মার্কেট এলাকার মাখন মালাকারের ছেলে। তাদের বাড়ি নরসিংদী জেলায়। শহরের চাষাঢ়ায় ইংরেজি মাধ্যম স্কুল এরিবস ইন্ট্যারন্যাশনাল স্কুলের শিক্ষক ছিলেন তিনি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাজিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল সাড়ে ৪টার দিকে ঝন্টু টেম্পুযোগে চাষাঢ়া আসার পথে নসিব পরিবহনের একটি বাস ওই টেম্পুটিকে চাপা দেয়। এতে টেম্পুটি দুমড়ে মুচড়ে যায় এবং তিনি গুরুতর আহত হন।
ফতুল্লা মডেল থানার ওসি আকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
