‘কনস্টেবল কাইয়ুমের গলায় ছুরি চালায় আর্সেল’
চট্টগ্রামে ছিনতাইয়ে বাধা দিতে গিয়ে হামলায় নিহত পুলিশ সদস্য আব্দুল কাইয়ুমের গলায় ছুরি চালায় আর্সেল নামে এক ছিনতাইকারী।
বুধবার গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া মিন্টু দাশ এ তথ্য দিয়েছে।
দুপুরে ডিসি হিলে হাঁটতে গিয়ে মিন্টু (১৮) গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হয়।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বাবুল আক্তার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আর্সেল ও মিন্টু ছিনতাই করার সময় কাইয়ুমসহ পাঁচ পুলিশ কনস্টেবল তাদের ধরে ফেলে।
এ সময় আর্সেলের হাতে থাকা ছোরা দিয়ে তাদের ওপর হামলা চালায়।
পুলিশের এই কর্মকর্তা বলেন, “হত্যাকাণ্ডের পর আর্সেল, মিন্টু, সুমন, বুলেটসহ অন্যন্যরা লালখান বাজার এলাকার যুবদল নেতা আবদুল হালিম স্বপনের বাসায় ইটের সুরকির ভেতর ওই ছোরাটি লুকিয়ে রাখে।”
দুপুরে মিন্টুকে গ্রেপ্তারের পর স্বপনের বাসা থেকে রক্ত মাখা ছোরাটি উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
মিন্টু দাশ সাংবাদিকদের জানান, পেশায় রিকশাচালক হলেও আমবাগান এলাকায় সেদিন সে গল্প করতে যায়। পুলিশ কনস্টেবল কাইয়ুমের ওপর হামলা করার সময় সে আর্সেলের সঙ্গে ছিল।
কোন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততা আছে কি না জানতে চাইলে মিন্টু জানায়, লালখান বাজার এলাকার স্বপনের সঙ্গে নগর বিএনপির বিভিন্ন মিছিল সমাবেশে সে গিয়েছে।
রোববার সকালে নগরীর টাইগার পাস সংলগ্ন এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল আবদুল কাইয়ুম নিহত এবং অন্য তিন কনস্টেবল আহত হয়।
হতাহতরা সবাই টাইগার পাস জিলাপী পাহাড়ে অবস্থিত চট্টগ্রাম অঞ্চলের ডিআইজি বাংলোতে কর্মরত ছিলেন।
এ ঘটনায় সোমবার চট্টগ্রাম অঞ্চলের ডিআইজি নওশের আলী খানের বাংলোর গার্ড ইনচার্জ এএসআই মো. আসাদুজ্জামান বাদী হয়ে একটি মামলা করেন।
মামলার ১১ আসামির মধ্যে রয়েছে- সুমন, আরসেল, মিন্টু, বাবুল, হাসান, নিজাম, সোহেল, তপন চন্দ্র নাথ, নুরুল আলম, জাবেদ ও হারুনুর রশিদ।
মিন্টুকে গ্রেপ্তারের আগে মঙ্গলবার বিকালে মতি ঝর্ণা মসজিদ এলাকা থেকে সোহেল নামে এক যুবককে গ্রেপ্তার করে খুলশী থানা পুলিশ।
