ফতুল্লায় গার্মেন্টে বিক্ষোভ, ভাংচুর
নারায়ণগঞ্জ সদরের ফতুল্লায় ন্যূনতম মজুরি আট হাজার টাকার দাবিতে পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে।
বুধবার দুপুরে শিল্পাঞ্চলের কাঠেরপুল এলাকায় এ বিক্ষোভ চলাকালে তারা একটি সোয়েটার কারখানা ভাংচুর করে।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে কাঠেরপুর এলাকায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা ন্যূনতম মজুরি আট হাজার টাকা করার দাবিতে বিক্ষোভ শুরু করে।
এক পর্যায়ে শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানা ছুটি দিয়ে দেয়।
এরপর দুপুর ১২টার দিকে শ্রমিকরা কারখানা থেকে রাস্তায় নেমে কুতুবআইল এলাকার টাইম সোয়েটার কারখানার শ্রমিকদের নামিয়ে আনার চেষ্টা করে ব্যর্থ হয়।
এতে উত্তেজিত শ্রমিকরা ওই সোয়েটার কারখানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং ভেতরে ঢুকে ভাংচুর চালায়।
পরে প্রতিষ্ঠানটি ছুটি ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ।
এরপর ফতুল্লার শিবু মার্কেট এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড অবরোধের করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
