২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ ভবন এলাকায় পাল্টাপাল্টি মিছিল

সংসদ ভবন এলাকায় মঙ্গলবার হরতালের পক্ষে-বিপক্ষে মিছিল হয়েছে। তবে কোনো গোলযোগ হয়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2013, 06:49 PM

Updated : 25 Apr 2022, 07:29 PM

সকাল ১০টার দিকে বিএনপি সংসদ সদস্যরা জয়নুল আবদিন ফারুকের নেতৃত্বে সংসদ চত্বরে হরতালের সমর্থনে মিছিল বের করে। এতে ১১ জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন।

একই সময়ে মানিক মিয়া এভিনিউতে আওয়ামী লীগের সংসদ সদস্য নাজমা আকতার ও অপু উকিলের নেতৃত্বে যুব মহিলা লীগের ৩০-৩৫ জন কর্মী লাঠিসহ হরতালবিরোধী মিছিল বের করে।

উভয় পক্ষে উত্তেজনা দেখা দিলে কর্তব্যরত পুলিশ সদস্যরা সংসদ ভবন চত্বরে হরতালবিরোধীদের ঢুকতে দেয়নি।

বিরোধীদলীয় প্রধান হুইপ ফারুক সাংবাদিকদের বলেন, “হরতাল বিরোধীরা আমাদের ওপর হামলা করতে উদ্যত হয়। পুলিশের সামনে এ ঘটনা ঘটেছে। আরেকটু হলেই মার খেতাম।”

যুব মহিলা লীগের কর্মসূচির বিষয়ে অপু উকিল সাংবাদিকদের বলেন, “সংসদ ভবন চত্বরে বিএনপির নৈরাজ্যমূলক কর্মসূচি প্রতিরোধে সমাবেশ করেছি আমরা।”

প্রধানমন্ত্রীকে ‘হত্যার হুমকি’ ও সজীব ওয়াজেদ জয়ের সমালোচনার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, “সংসদ ভবন চত্বরকে ব্যবহার করে এ ধরনের অশালীন কার‌্যক্রম চললে তা যুব মহিলা লীগ প্রতিহত করবে।”