কওমি মাদ্রাসার বিষয়ে ওলামাদের সুপারিশ চান প্রধানমন্ত্রী
কওমি মাদ্রাসার উন্নয়ন ও সনদ প্রদানের জন্য ওলামা-মাশায়েখদের কাছ থেকে ‘গঠনমূলক’ সুপারিশ চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সন্ধ্যায় গণভবনে আলেম, ওলামা-মাশায়েখ এবং ইসলামী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি কওমি মাদ্রাসার জন্য পৃথক নীতিমালার বিষয়ে এই সুপারিশ চান।
মাদ্রাসা শিক্ষাকে আধুনিক ও যুগোপযোগী করতে সরকারের পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “কওমি মাদ্রাসার জন্য কমিশন করেছি। তার নীতিমালা তৈরি করেছে। আমি চাই, যারা মাদ্রাসা থেকে বের হচ্ছে- তারা যেন সার্টিফিকেট পায়। আমাদের লক্ষ্য, তারা যেন চাকরি পায়।
“এই নীতিমালা তৈরি করতে সবার মতামত নিয়েছি। এই নীতিমালার বিষয়ে কোনো বাধ্যবাধকতা নেই। কেউ সার্টিফিকেট না নিতে চাইলে না নেবে। তাতে কোনো বাধ্যবাধকতা নেই।”
এই নীতিমালা নিয়ে নতুন করে অশান্তি সরকার চায় না বলে জানান প্রধানমন্ত্রী।
বৈঠকে বক্তব্যে আলেম-ওলামারা হেফাজতে ইসলাম এবং ওই সংগঠনের প্রধান শাহ আহমদ শফীর হুমকির ভয়ে কওমী মাদ্রাসার স্বীকৃতি দেয়ার ঘোষণা থেকে পিছিয়ে না আসতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।
ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মিছবাহুর রহমান বলেন, “জামায়াত-শিবির ও হেফাজতের অপপ্রচার ও মিথ্যাচারের বিরুদ্ধে জবাব দিতে প্রকৃত আলেম-ওলামাদের কাজে লাগাতে হবে।”
তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বাশার মাইজভাণ্ডারী বলেন, “আমাদের পরামর্শ শুনলে হেফাজতে ইসলাম তিন টুকরো করা যেত। এখনও দায়িত্ব দিলে, বিএনপি নির্বাচনে না এলেও হেফাজতকে টুকরো টুকরো করে আগামী নির্বাচনে নিয়ে আসতে পারব।”
১৫ নভেম্বর মতিঝিল শাপলা চত্বরে পূর্বঘোষিত মহাসমাবেশ করার ঘোষণা দেন মাইজভাণ্ডারী। সেদিন হেফাজতও সেখানে সমাবেশের ঘোষণা দিয়েছে।
গওহরডাঙ্গা মাদ্রাসার অধ্যক্ষ রুহুল আমিন প্রধানমন্ত্রীকে উদ্দেশে বলেন, “কওমী মাদ্রাসার স্বীকৃতি দিলে হাটহাজারীর হুজুরের (আহমেদ শফী) কিছু করার সাধ্য নাই। তাই হাটহজারীর হুজুর আর লাশ পড়ার ভয় পাবেন না।”
রুহুল আমিন প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে আরো বলেন, “সর্বদলীয় সরকারে একজন টুপি-দাড়িওয়ালা লোকও রাখবেন, যাতে সব কাজে লাগে।”
ইসলামিক ফ্রন্টের চেয়ারম্যান বাহাদুর শাহ আল মুজাদ্দেদী বলেন, “ইসলামের খেদমতে আওয়ামী লীগ ও মহাজোট যা করেছে, বিএনপি ১০০ বছরের সাধনায়ও তা করতে পারবে না। আলেম-ওলামাদের দিয়েই তা প্রচার করালে জনগণ বিশ্বাস করবে।”
ইসলামের জন্য সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় এলে প্রত্যেক জেলা ও উপজেলায় একটি করে কেন্দ্রীয় মসজিদ করা হবে।এক হাজার মাদ্রাসা ভবন তৈরি হয়েছে, আরো হবে।
“ইসলাম হল শান্তির ধর্ম। বাংলাদেশের ঐতিহ্য হচ্ছে; সকল ধর্মের মানুষ এক সাথে পাশাপশি বাস করে। সংখ্যালঘুসহ সব ধর্মকে সংরক্ষণে আপনাদের সহযোগিতা দরকার।”
কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহের ইমাম ফরীদউদ্দীন মাসউদ বলেন, “যে কোনো ভাবেই হোক, সংবিধানের মধ্যে থেকেই আগামী নির্বাচন করতে হবে। তবে তা হতে হবে স্বচ্ছ।”
বৈঠকৈ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী ও কাজী জাফরউল্যাহ, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হোসেন তৌফিক ইমাম ও আলাউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ধর্ম বিষয়ক সম্পাদক শেখ আবদুল্লাহ উপস্থিত ছিলেন।
