নেত্রকোনায় বিএনপির ৩২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
নেত্রকোনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদারসহ ৩২ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
সোমবার সকালে নেত্রকোনায় মডেল থানায় দ্রুত বিচার আইনে মামলাটি দায়ের করেন জেলা আওয়ামী লীগ সভাপতি মতিয়র রহমান খানের ছেলে সোহেল অর রহমান খান।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মফিজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ ২০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত পরিচয় ১২ জনকে মামলায় আসামি করা হয়েছে।
মামলার তদন্ত শুরু হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মামলার নথি থেকে জানা যায়, ২৭ অক্টোবর ১৮ দলীয় জোটের ডাকা হরতালের দিন সন্ধ্যায় শহরে বিএনপি নেতাকর্মীরা হামলা চালিয়ে জেলা আওয়ামী লীগ সভাপতি ও নেত্রকোনা জেলা পরিষদ প্রশাসক মতিয়র রহমান খানকে আহত করে।
