২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশরাফ-মুঈনকে ফেরাতে তৎপরতা চান প্রবাসীরা

যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আশরাফুজ্জামান খান ও চৌধুরী মুঈনুদ্দীনকে ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা জোরদার করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন নিউ ইয়র্ক প্রবাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2013, 12:48 PM

Updated : 23 Aug 2022, 07:13 PM

একাত্তরে বুদ্ধিজীবী হত্যার জন্য রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই আল বদর নেতাকে মৃত্যুদণ্ড দেয়ার পর নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে সমবেত হন একদল প্রবাসী। রায়ে সন্তোষ প্রকাশ করেন তারা।

গণজাগরণ মঞ্চের নিউ ইয়র্ক শাখা আয়োজিত ওই সমাবেশ থেকে আশরাফ ও মুঈনকে ফেরাতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে জোরালো কূটনৈতিক তৎপরতার আহ্বান জানানো হয়।

বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনাকারী আশরাফুজ্জামান খান বর্তমানে যুক্তরাষ্ট্রে এবং চৌধুরী মুঈনুদ্দীন যুক্তরাজ্যে অবস্থান করছেন।

সমাবেশ থেকে জানানো হয়, একাত্তরে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ছাত্রসংঘের নেতা আশরাফুজ্জামান নিউ ইয়র্কের অন্তত দুটি মসজিদে মাঝেমধ্যেই ইমামতি করেন।

জ্যামাইকার বাসিন্দা আশরাফের নেতৃত্বেই সেখানে ইসলামিক সার্কেল অব নর্থ আমেরিকা(ইকনা)গঠিত হয়েছে, যার সদস্য মূলত জামায়াত ও ছাত্রশিবিরের সমর্থক প্রবাসীরা।

বছরখানেক আগে মুসলিম ডে প্যারেডসহ বিভিন্ন কর্মসূচিতে আশরাফুজ্জামানের সরব উপস্থিতি দেখা গেলেও বর্তমানে তার মোবাইলে ফোন করলে কেউ ধরে না বলে সমাবেশে জানান বক্তারা।

বুদ্ধিজীবী-সাংবাদিক-শিক্ষক হত্যার নীলনকশাকারী আশরাফুজ্জামানকে সব ধরনের কর্মকাণ্ডে বর্জনের পাশাপাশি তাকে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরত পাঠাতে সর্বাত্মক সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্রের মুসলিম কমিউনিটির প্রতি আহ্বান জানানো হয় সমাবেশ থেকে।

অন্যদিকে যুক্তরাজ্যে অবস্থানরত মুঈনুদ্দীনকে বাংলাদেশে ফিরিয়ে আনতে সরকারি পর্যায়ে কূটনৈতিক তৎপরতা জোরদারের আহ্বান জানান বক্তারা।

মুক্তিযোদ্ধা সংসদের যুক্তরাষ্ট্র শাখা, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা যুবকমান্ড এবং ইউএস কমিটি ফর সেক্যুলার ডেমক্র্যাটিক বাংলাদেশের নেতারা সমাবেশে বক্তব্য দেন।

প্রবাসী সংগঠনগুলোর নেতাদের মধ্যে মিথুন আহমেদ, লুৎফুন্নাহার লতা, মিনহাজ আহমেদ সাম্মু প্রমুখ উপস্থিত ছিলেন।