২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যানজটে নাকাল রাজধানীবাসী

ডেটলাইন: প্রেস ক্লাব। বিকাল সোয়া ৫টা। গাড়ির জন্য অপেক্ষা করছিলেন ব্যাংক কর্মকর্তা শামসুন নাহার। গাড়ির দীর্ঘ সারি দেখা গেলেও এতটুকু নড়ার নাম নেই। শেষে ত্যক্ত-বিরক্ত হয়ে সন্ধ্যার দিকে হেঁটেই বাসামুখী হলেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2013, 09:33 PM

Updated : 23 Aug 2022, 07:12 PM

রোববার এমন চিত্র ছিল মতিঝিল, দোয়েলচত্বর, শাহবাগ, গুলিস্তান, বিজয় সরণি ও ফার্মগেট এলাকায়ও।

সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশে যোগ দিতে আসা কর্মী-সমর্থকদের মিছিলকে এই যানজটের কারণ হিসাবে বলেছেন কেউ কেউ।

এর সঙ্গে হরতাল পূর্ববর্তী আতঙ্ক এবং সাপ্তাহিক ছুটি শেষে সপ্তাহের প্রথম দিনে কাজের চাপের কথাও এসেছে।

পুরান ঢাকার নবাবপুরের হার্ডওয়ার দোকানের কর্মচারী মো. আউয়াল বলেন, টানা তিনদিন হরতালের কারণে রোববার কেনাকাটাসহ নিত্যদিনের কাজ শেষ করতে সবাই একসঙ্গে বের হওয়ায় গাড়ির চাপ বেড়েছে। এ কারণেই যানজট বেশি।

তবে বংশালের সাইকেল ব্যবসায়ী মো. জুলহাসের ধারণা, সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশের কারণে এই যানজট সৃষ্টি হয়েছে।

ঢাকা দক্ষিণের পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) খান মো. রেজোয়ান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সপ্তাহের প্রথম দিনে এমন যানজটই থাকে। তবে বিরোধীদলের ৬০ ঘণ্টা টানা হরতালের কারণে জট একটু বেশি।”

বনানী, কাকলী এলাকায় গাড়ির স্বাভাবিক চাপ থাকলেও অনেকটাই যানজটমুক্ত ছিল নগরীর উত্তর অংশ।

ঢাকা উত্তরের পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) রুহুল আমীন বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে বলেন, “এ এলাকায় আজকে তেমন জানযট ছিল না। ফ্লাইওভার হওয়ায় এমনিতেই এখানে আগের চেয়ে যানজট কমে গেছে।”

ট্রাফিক কন্ট্রোল থেকে সন্ধ্যা ছয়টায় জানানো হয়, রাজধানীর রমনা, মতিঝিল ও কারওয়ান বাজারে যানজট রয়েছে।

সন্ধ্যায় রমনা ও মতিঝিল এলাকায় শতশত মানুষকে গাড়ি জন্য অপেক্ষা করতে দেখা যায়।