দ্রুত রায়ের বাস্তবায়ন চায় সেক্টর কমান্ডার্স ফোরাম
যুদ্ধাপরাধের দায়ে একাত্তরের বদর নেতা আশরাফুজ্জামান খান ও চৌধুরী মঈনুদ্দিনের মৃত্যুদণ্ডের আদেশে সন্তোষ প্রকাশ করেছে সেক্টর কমান্ডার্স ফোরাম।
তাদের দুজনকে দ্রুত দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করারও দাবি জানিয়েছেন ফোরামের সহ সভাপতি কে এম শফিউল্লাহ।
বিচারপতি ওবায়দুল হাসান নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ রোববার এ মামলার রায় ঘোষণা করে। মানবতাবিরোধী অপরাধের ১১টি অভিযোগের সবগুলোতেই দুই আসামির সংশ্লিষ্টতা প্রমাণিত হওয়ায় তাদের ফাঁসির আদেশ দেন বিচারক।
রায়ের পর শফিউল্লাহ বলেন, “রায়ে আমরা সন্তুষ্ট, চাই দ্রুত তা কার্যকর হোক। এ সরকারের মেয়াদেই তাদের ফাঁসি কার্যকর করতে হবে।”
সরকার পরিবর্তন হলে সব যুদ্ধাপরাধীর বিচারের রায় কার্যকর হবে কি না- তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি।
মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় এটি নবম রায়। আগের আটটি রায়ে জামায়াতের সাবেক ও বর্তমান ছয়জন এবং বিএনপির দুই নেতাকে দণ্ডাদেশ দেয় ট্রাইব্যুনাল।
