রাজধানীতে ৮ গাড়িতে আগুন
বিরোধীদলের হরতালের আগের দিন রাজধানীর মতিঝিল, মিরপুর, তেজগাঁও, গুলশান, মহাখালী, কাঁটাবন ও গুলিস্তানে পাঁচটি গাড়ি পোড়ানো হয়েছে।
ফায়ার ব্রিগেড নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা নিলুফার ইয়াসমিন জানান, রোববার সকাল ১০টা ৪০ এর দিকে মিতিঝিল টিএন্ডটি স্কুলের সামনে একটি বাসে এবং দুপুর ১২টার দিকে তেজগাঁও বিএসটিআই অফিসের সামনে আরেকটি আগুন দেয়া হয় বলে খবর পান তারা।
“আমাদের চারটি ইউনিট দুই স্থলে গিয়ে আগুন নেভায়। কারা, কীভাবে আগুন দিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।”
তিনি বলেন, তেজগাঁও এর বাসটি রানা গ্রুপের স্টাফ বাস ছিল।
এরপর বেলা ২টার দিকে মহাখালীর তিতুমীর কলেজের সামনে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটে। এ সময় কলেজের বিপরীতে পর্যটন হোটেলের সামনে থাকা একটি মিনিবাসে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। পরে স্থানীয়রাই তা নিভিয়ে ফেলেন।
বনানী থানার ওসি ভূঁইয়া মাহবুব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
বেলা ২টা ৪০ এ গুলিস্তানে ইলিশ পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়। কাঁটাবনে বিকাল সাড়ে ৩টায় আরেকটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা মো. আলী জানান, অগ্নিনির্বাপক বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বিকাল পৌনে ৫টার দিকে মতিঝিলের সোনালী ব্যাংকের সামনে সোনালী ব্যাংকের একটি স্টাফ বাসে আগুন দেয়া হয়।
সন্ধ্যা ৭টার সময় গুলশান বারিধারায় ভিকটর পরিবহনের একটি বাসে এবং মিরপুর পল্লবীতে একটি গাড়িতে আগুন দেয়া হয়।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গত সপ্তাহে তিন দিন হরতাল করার পর সোমবার থেকে বুধবার আরো তিন দিনের হরতালের ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন বিরোধী দল।
এদিকে রোববার সকালেই একাত্তরের দুই ‘বদর নেতা’ আশরাফুজ্জামান খান ও চৌধুরী মুঈনুদ্দীনের যুদ্ধাপরাধ মামলার রায় ঘোষণা করা হয়, যাতে পলাতক দুই আসামির ফাঁসির আদেশ আসে।
