লক্ষ্মীপুরে প্রতিবন্ধী খুন, সড়ক অবরোধ
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় এক দৃষ্টি প্রতিবন্ধীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ হামলায় একজন আহত হয়েছেন।
শনিবার ভোর রাতে রামগঞ্জ সরকারি কলেজ রোডে এ হামলায় নিহত হন পৌর শহরের কলচমা গ্রামের মৃত নুর মিয়ার ছেলে খোকা মিয়া (৪০)।
এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী ও নিহতের আত্মীয়স্বজন সকালে রামগঞ্জ-ঢাকা-হাজীগঞ্জ সড়ক চার ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।
রামগঞ্জ থানার ওসি মঞ্জুরুল হক আকন্দ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,
কয়েকবছর আগে খোকা মিয়া অন্ধ হয়ে গেলে জুয়ার বোর্ডে জুয়াড়িদের কাছে সুদে টাকা খাটানো শুরু করেন। তা দিয়ে তিনি সংসার চালাতেন।
শনিবার ভোর রাতে জুয়াড়িদের কাছ থেকে টাকা নিয়ে খোকা মিয়া এক সহযোগী আবু মিয়াসহ রিকশায় বাড়ি ফিরছিলেন।
পথে সিএনজি অটোরিকশাযোগে আসা একদল সন্ত্রাসী তাদের গতিরোধ করে খোকা মিয়াকে রড দিয়ে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। এক পর্যায়ে তিনি রাস্তার উপর লুটিয়ে পড়েন।
এরপর হামলাকারীরা তার কাছে থাকা নগদ প্রায় চল্লিশ হাজার টাকা ছিনিয়ে নেয়।
স্থানীয়রা খোকা মিয়াকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
পরে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
ওসি আরো বলেন, সড়ক অবরোধের খবর পেয়ে রামগঞ্জ পৌরসভার মেয়র বেলাল আহম্মেদকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে দুপুর ১২টার দিকে অবরোধ তুলে নেয় জনতা।
খোকা মিয়ার স্ত্রী আলেয়া বেগম ৫ জনকে আসামি করে রামগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
