২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এগিয়ে যেতে চাই ধারাবাহিকতা: জয়

খুলনায় এক খোলামেলা অনুষ্ঠানে দেশের উন্নয়ন ধরে রাখার জন্য সরকারের ধারাবাহিকতার বিষয়ে গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীতনয় সজীব ওয়াজেদ জয়।

রিয়াজুল বাশার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2013, 07:11 PM

Updated : 13 Oct 2022, 03:02 PM

পুরনো খবর:

অর্ধেক পথ বাকি: জয়
এবার খুলনার তরুণদের সঙ্গে বসছেন জয়

দারিদ্র্য দূর করার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।

ঢাকা ও চট্টগ্রামের পর শনিবার খুলনায় একটি হোটেলে তরুণদের সঙ্গে ‘লেটস টক’ নামে ওই আলোচনা অনুষ্ঠানে খুলনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শ দুয়েক শিক্ষার্থীর প্রশ্নের জবাব দেন।

২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হতে পারবে কি না- এমন প্রশ্নের জবাবে জয় বলেন, “কিছু কিছু ক্ষেত্রে অর্ধেক পথের বেশি এসেছি। কিছু কিছু ক্ষেত্রে অর্ধেক পথ এসেছি। গত পাঁচ বছরের আয় দ্বিগুণ হয়েছে এবং দারিদ্র্য ২৬ শতাংশে নেমে এসেছে। গত পাঁচ বছরে ৮০ লাখ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।”

“আমাদের লক্ষ্য আগামী পাঁচ বছরে দারিদ্র্যকে ১০ শতাংশে নামিয়ে আনা এবং মাথাপিছু আয় ও কর্মসংস্থান বর্তমানের দ্বিগুণ করা।”

এজন্য আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনার অনুরোধ জানিয়ে তিনি বলেন, “আপনারা মালয়শিয়ার দিকে তাকান। একজন নেতা ১৫ থেকে ২০ বছর ক্ষমতায় থেকে দেশকে এগিয়ে দিয়ে গেছেন। একটা ভালো সরকার ১০ থেকে ১৫ বছর ক্ষমতায় থাকলেই দেশ এগিয়ে যাবে।”

শিক্ষার্থীরা অপরাধ, মাদক, দুর্নীতিসহ নানা বিষয়ে জানতে চান জয়ের দৃষ্টিভঙ্গী। জবাবে তিনি বলেন, “সমস্যার শেষ নেই। সমাধান করলে আবার আসবে। দেখতে হবে দেশ এগোচ্ছে কি না? আগের সরকারের চেয়ে ভালো করেছে কি না?“

বাগেরহাটের রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে ওঠা বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন সজীব ওয়াজেদ জয়।

আব্রাহাম লিংকনের একটি উক্তি উদ্ধৃত করে তিনি বলেন, “পড়া কথা অর্ধেক বিশ্বাস করবে আর শোনা কথা বিশ্বাস করবে না। অনেকে এটার বিরুদ্ধে লেগেছে। আমি বলবো- এটা নিয়ে অপপ্রচার হয়েছে।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমসহ দুটি গণমাধ্যমের দুই জন প্রতিবেদন অনুষ্ঠানটি প্রত্যক্ষ করেন। প্রায় সোয়া ঘণ্টার এই অনুষ্ঠানে ১০ মিনিট যেতেই রামপালের প্রসঙ্গ উঠে আসে, যা নিয়ে সারাদেশেই আলোচনা চলছে।

কয়েকজন শিক্ষার্থী জানান, তারা সুন্দরবনের পাশে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র চান না। এ প্রকল্প বাতিল করার জন্যও তারা অনুরোধ জানান।

এরপর উপস্থাপকের অনুরোধে জয় বলেন, “বিদেশিঅর্থায়নে এ ধরনের কোন প্রকল্প করতে হলে তার জন্য আন্তর্জাতিক মানে ইআইএ (এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট) দরকার হয়। তা না হলে তারা টাকা দেবে না।

“আমরা আন্তর্জাতিক মানের ইআইএ করিয়েছি। তাতে দেখা গেছে ওই প্রকল্পের জন্য সুন্দরবনের কোন ক্ষতি হবে না। সেরকম দূরত্ব রেখেই আমরা করছি।”

সুন্দরবন থেকে ১৪ কিলোমিটার দূরে বাগেরহাটে রামপালে বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করা হবে হবে বাংলাদেশ ও ভারত যৌথ মালিকানায়।

এ প্রকল্প নিয়ে বামপন্থী কয়েকটি দলের আন্দোলনের  মধ্যেই ৫ অক্টোবর কুষ্টিয়ার ভেড়ামারায় প্রধামন্ত্রী শেখ হাসিনা এবং দিল্লি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রকল্পের ভিত্তিস্থাপন করেন।

লেটস টক অনুষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়ের একজন নারী শিক্ষার্থী বলেন, “রামপাল নিয়ে মনে হচ্ছে সবকিছু জানানো হচ্ছে না। অনেক দূরে বসে ভিত্তিস্থাপন করা হচ্ছে। আপনারা এ প্রকল্প বন্ধ করুন।”

জয় ওই শিক্ষার্থীর কাছে জানতে চান- রামপালে বিদ্যুৎকেন্দ্র হলে কি কি ক্ষতি হবে সে বিষয়ে তার কাছে কোনো তথ্য উপাত্ত আছে কি না।

জয়ের এ প্রশ্নের জবাবে আরেক শিক্ষার্থী বলেন, “কন্ট্রাক্টের আগে ইআইএ হয়নি। সুন্দরবনের ভিতর দিয়ে কয়লা আনা হবে। এতে ক্ষতি হবে। কয়লার সালফার ও ধোঁয়া থেকেও ক্ষতি হবে।”

সজীব ওয়াজেদ বলেন, “বিশ্বের বিভিন্ন জায়গায় কয়লাভিত্তিক যেসব বিদ্যুৎকেন্দ্র রয়েছে তার বেশিরভাগই ২০ থেকে ৩০ বছরের পুরনো। ৩০ বছর আগের গাড়ি থেকে কি পরিমাণ ধোঁয়া বের হতো একবার স্মরণ করে দেখেন তো। এখন ধোঁয়া বের হয়? সিএনজি চালিত গাড়িতে তো একদমই বের হয় না।”

“রামপালেও উন্নত প্রযুক্তি ব্যবহার করা হবে। তাছাড়া এখানে লো সালফার কয়লা ব্যবহার করা হবে, যাতে এমিশন কম হয়।”

ইআইয়ের আগে চুক্তি স্বাক্ষরের বিষয়ে জয় বলেন, “একটি প্রকল্প বাস্তবায়নের জন্য অনেক রকম চুক্তি হয়। প্রকল্প করা হবে শুরুতেই এ রকম চুক্তি হয়। এরপর পর্যায়ক্রমে আসে অন্যান্য কাজ।”

জয় তরুণ প্রজন্মকে ‘শুনে’ বা ‘ভয়ে’ এ প্রকল্পের বিরোধিতা না করতে অনুরোধ জানান। প্রয়োজনে তিনি সবাইকে ইআইএ পড়ার অনুরোধ জানান।

অনুষ্ঠানে তরুণরা জয়ের ব্যক্তিগত বিভিন্ন বিষয় নিয়েও প্রশ্ন রাখেন।

এ সময় তিনি নানা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে তার বিভিন্ন স্মৃতি তুলে ধরার পাশাপাশি মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দেশ নিয়ে নিজের স্বপ্ন তুলে ধরেন। 

নানার সঙ্গে চুরুট খাওয়া

নানার স্মৃতি মনে পড়ে কী না- জানতে চাওয়া হলে জয় বলেন, “নানা পাইপ টানতেন এবং উনার সংগ্রহে ছিল অনেক পাইপ। তিনি যখন পাইপ টানতেন আমি তখন একটি ফাঁকা পাইপ মুখে দিয়ে বসে থাকতাম।”

“একদিন নানা আমার পাইপের মধ্যে কিছুটা তামাক দিয়ে তাতে আগুন লাগিয়ে দিলেন। আমার তো কাশতে কাশতে দম যায়। নানি ভীষণ ক্ষেপে উঠেছিলেন।”

যেখানে গেলে শক্তি পাই

সজীব ওয়াজেদ জয় বলেন, “ওখানে গেলে শক্তি পাই। দেশের জন্য, ভালোর জন্য, যতই শত্রু আসুক, বাঁধা আসুক, কাজ করে যাব। হতাশ হব না।”

দশে ১০-ই দেব

মা হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১০ এর মধ্যে কত দেবেন- একজন জয়ের কাছে এমন প্রশ্ন রাখলে বলেন, “১০ এর মধ্যে ১০-ই দেব। কাছ থেকে দেখলে বুঝতে পারবেন উনার মতো মানুষ বিশ্বে কম আছেন। উনার মতো মনোবল...। সবসময়ই বলেছেন, তোমার নানার কথা মনে রাখবে। উনার কোনো বদনাম হয় এমন কাজ করবে না।” 

খুলনার স্মৃতি-উন্নয়ন

জয় বলেন, “খুলনায় আমি ছোটবেলায় এসেছি। এখানে আমার মামা বাড়ি আছে। এখানকার গোলাপজাম আমার খুব প্রিয়। মাও খুব খুলনার কথা বলেন। এখানে আগে অনেক শিল্প কারখানা ছিল। সেটা আবার হবে।”

জয় জানান, খুলনার উন্নয়নের কথা মাথায় রেখেই পদ্মা সেতুর উদ্যোগ। আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় এলে পদ্মা সেতু হবে।

দেশ নিয়ে স্বপ্ন

দেশ নিয়ে নিজের স্বপ্নের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী পুত্র বলেন, “দারিদ্র্যমুক্ত একটি আধুনিক দেশ। মধ্যয় আয়ের সেই দেশে সর্বত্র  প্রযুক্তির ব্যবহার থাকবে, বর্তমানের চেয়ে আয় দ্বিগুণ হবে।”

“এমন পর্যায়ে পৌঁছাতে চাই আমরা, যাতে আগামী ১০ বছরের মধ্যে থাইল্যান্ড ও আগামী ১৫ বছরের মধ্যে মালয়শিয়ার সঙ্গে তুলনা করা যায়।”

এগিয়েছে দেশ

অনুষ্ঠানের উপস্থাপক নাফিজ ইমতিয়াজ উপস্থিত তরুণদের কাছে জানতে চান, গত পাঁচ বছরে দেশ এগিয়েছে কী না? জবাবে দেশ এগোনোর পক্ষে একজন বাদে উপস্থিত প্রায় সবাই হাত তোলেন।

কোন কোন খাতে বেশি উন্নয়ন হয়েছে- জানতে চাওয়া হলে তরুণরা জানান, বিদ্যুত, তথ্য প্রযুক্তি। বিশেষ করে ইউনিয়ন তথ্য কেন্দ্র ও ইন্টারনেইট সেবা, কৃষি, যোগাযোগ, অর্থনীতি প্রভৃতিতে বেশ অগ্রগতি এসেছে।

তরুণদের মতামতের পর জয় বলেন, “আগামীতে প্রতিটা গ্রামে আমরা তথ্যকেন্দ্র করবো। যাদের কম্পিউটার কেনার ক্ষমতা নেই তারা সামান্য ফি দিয়ে তথ্য সংগ্রহ করতে পারবেন।”

“এখন ঘরভর্তি জমির ফাইল থাকে। এটাকে ডিজিটালাইজড করার কাজ শুরু হয়েছে। আগামী সব সরকারি অফিসের কাজকর্মও ডিজিটালাইজড হবে। কাগজে কলমে কিছু হবে না।”

সব সরকারি বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে ইন্টারনেট সেবা দেওয়ার কাজ চলছে জানিয়ে জয় বলেন, আওয়ামী লীগ আগামীতে ক্ষমতায় এলে প্রতিটি জেলায় একটি করে আইটি পার্ক হবে।