২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেফাজতের নাশকতা ঠেকাতে সরকার প্রস্তুত: স্বরাষ্ট্রমন্ত্রী

সমাবেশের আড়ালে হেফাজতে ইসলামের যে কোনো ধরণের নাশকতা প্রতিরোধে সরকার প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্টমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2013, 03:34 PM

Updated : 25 Apr 2022, 07:28 PM

তিনি বলেছেন, “হেফাজত এখনো সমাবেশের কোনো অনুমতি চায়নি। তবে, তারা সমাবেশের নামে কোনো ধরণের নাশকতা সৃষ্টির চেষ্টা করলে তা প্রতিরোধে সরকার প্রস্তুত রয়েছে।”

শনিবার হবিগঞ্জ শহরতলীতে আঞ্চলিক পাসপোর্ট ভবনের উদ্বোধনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।

গত রোববার চট্টগ্রামে এক সংবাদ সম্মেলনে ১৩ দফা বাস্তবায়ন ও কওমি মাদ্রাসা শিক্ষা কর্তৃপক্ষ আইন করার উদ্যোগ থেকে সরে আসার দাবিতে ১ নভেম্বর সারাদেশে বিক্ষোভ সমাবেশ, ২ নভেম্বর হাটহাজারী কলেজ মাঠে মহাসমাবেশসহ ১৫ নভেম্বরের মধ্যে সব বিভাগীয় শহরে মহাসমাবেশের ঘোষণা দেয় হেফাজতের নেতারা।

আগামী ১৫ নভেম্বর রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে তারা আবারো মহাসমাবেশের পরিকল্পনা করেছে বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে।

একই স্থানে গত ৫ মে সমাবেশের পর অনুমতি ছাড়া শাপলা চত্বরে অবস্থান নিয়ে মতিঝিল, পল্টনসহ আশেপাশের এলাকায় দিনভর তাণ্ডব চালায় হেফাজতকর্মীরা। রাষ্ট্রীয় মালিকানাধীন কয়েকটি ব্যাংক ও সিপিবি অফিস ভাঙচুর করে তারা। বায়তুল মোকাররমের সংশ্লিষ্ট হকারদের দোকানসহ অসংখ্য দোকান ও গাড়ি পুড়িয়ে দেয় তারা। এমনকি সমাবেশস্থলে দায়িত্বরত সংবাদকর্মীরাও তাদের হামলার শিকার হন।

‘নাস্তিক’ ব্লগারদের ফাঁসি, নারী-পুরুষের অবাধ মেলামেশা বন্ধ করা, সংবিধানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুনর্স্থাপন এবং নারী নীতি বাতিলসহ ১৩ দফা দাবিতে ওই সমাবেশ করে হেফাজত।

সরকারের পক্ষ থেকে বারবার সমাবেশস্থল ত্যাগের অনুরোধ জানানোর পরও হেফাজত নেতাকর্মীরা সমাবেশস্থল ত্যাগ না করায় মধ্যরাতে তাদের সরিয়ে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বিএনপি হরতালের নামে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তা প্রতিহত করা হবে।”

নির্দলীয় সরকার বিষয়ে সুজনের প্রস্তাবকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, “তা বিবেচনা করা হবে। আমরা বিভিন্ন মহল থেকে আরও প্রস্তাব আশা করছি।”

সাবেক আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যার বিচারের বিষয়ে তিনি বলেন, “এটি আইনি প্রক্রিয়ায় এগিয়ে চলছে। আইনিভাবেই বিচার কাজ সম্পন্ন হবে।”

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- স্থানীয় সাংসদ আবু জাহির ও আব্দুল মজিদ খান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার, পুলিশ সুপার কামরুল আমীন ও মাধবপুর উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম।

৩ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে তিন তলাবিশিষ্ট হবিগঞ্জ শহরতলীর ২নং পুল এলাকায় আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়টি নির্মাণ করেছে গণপূর্ত বিভাগ।