২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১

মাদারীপুরের কালকিনি উপজেলার একটি ইউনিয়ন পরিষদের বর্তমান ও সাবেক চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2013, 03:39 PM

Updated : 23 Aug 2022, 07:11 PM

নিহত বাবুল বেপারী (৪০) উপজেলার সিডিখান ইউনিয়নের মোক্তারহাট স’মিলের মালিক।

কালকিনি থানার ওসি নাজমুল হুদা জানান, বৃহস্পতিবার রাতে সংঘর্ষে বিপক্ষের হামলায় আহত হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে বাবুলের মৃত্যু হয়।

ওসি নাজমুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার রাত ৯টার দিকে মোক্তারহাট এলাকায় সিডিখান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান সরদারের সমর্থকদের সঙ্গে বর্তমান চেয়ারম্যান চাঁন মিয়া সিকদারের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।

এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে মান্নানের সমর্থক বাবুলে বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। রাতেই তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

এলাকাবাসী জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মান্নান সরদারের সমর্থকরা মোক্তারহাটে ব্রীজের পূর্ব পাড়ে এবং চাঁনমিয়া সিকদারের সমর্থকরা পশ্চিম পাড়ে অবস্থান নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

ওসি জানান, সংঘর্ষের ঘটনায় পুলিশ টুটুল নামে একজনকে আটক করেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রের জন্য এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে বলে জানান তিনি।