মাগুরার মহম্মদপুরে বুধবার হরতাল
আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের সংঘর্ষের সময় একজন নিহতের ঘটনায় বুধবার মাগুরার মহম্মদপুর উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।
মঙ্গলবার হরতাল চলাকালে ধোয়াইল বাজারে নিহত মারুফকে (২৫) নিজেদের কর্মী বলে দাবি করছে বিএনপি।
পুলিশের গুলিতে মারুফের মৃত্যু হয়েছে বলে বিএনপি দাবি করলেও পুলিশ গুলি ছোড়ার কথা অস্বীকার করেছে।
জেলা বিএনপি সভাপতি কবীর মুরাদ জানান, পুলিশের গুলিতে তাদের কর্মী নিহত হওয়ার প্রতিবাদে জেলা বিএনপি বুধবার মহম্মদপুর উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে।
বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ গুলি চালালে তাদের নয় কর্মী গুলিবিদ্ধ হন, যার মধ্যে একজনের মৃত্যু হয় বলে তিনি দাবি করেন।
নিহত মারুফ মহম্মদপুরের নিত্যানন্দপুর গ্রামের আফসার আলির ছেলে।
আহতদের মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টার দিকে বিএনপির একটি মিছিল ধোয়াইল বাজার হয়ে মহম্মদপুর সদরের দিকে যাচ্ছিল। এ সময় স্থানীয় আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে বিএনপি কর্মীদের ধাওয়া পালটা ধাওয়া হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছলে পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষ শুরু হয়।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, পুলিশ শুধু ছয় রাউন্ড রাবার বুলেট ও ২৪ রাউন্ড টিয়ার গ্যাস শেল নিক্ষেপ করেছে। গুলি ছোড়েনি।
কেউ গুলিবিদ্ধ হলে তাদের নিজেদের কাছে থাকা অস্ত্রের গুলিতে এ ঘটনা ঘটতে পরে বলে ওসি দাবি করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার অরুণ কান্তি জানান, হাসপাতালে আনা আহতদের মধ্যে শামীম গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া নিহত মারুফের শরীরে ধারালো অস্ত্রের কোপ ও গুলির চিহ্ন রয়েছে।
