মানিকছড়িতে ১৪৪ ধারার মধ্যেই হামলা
হরতালে সংঘর্ষের পর প্রশাসন খাগড়াছড়ির মানিকছড়িতে ১৪৪ ধারা জারি করলেও নিষেধাজ্ঞার মধ্যেই আওয়ামী লীগের চার কর্মীর ওপর হামলা চালিয়েছে হরতাল সমর্থকরা।
এদিকে রোববারের সংঘর্ষের ঘটনায় স্থানীয় বিএনপির চার শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মানিকছড়ি থানায় দুটি মামলা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শরমিন জানান, রোববার বিকেলে বিএনপি ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে সংঘর্ষের পরপরই সন্ধ্যা ৬টা থেকেই ১৪৪ ধারা জারি করা হয়। মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মানিকছড়িতে সভা-সমাবেশ ও জমায়েত নিষিদ্ধ।
মানিকছড়ি থানার ওসি কেশব চক্রবর্তী জানান, রোববার বেলা সাড়ে ১১টার দিকে মানিকছড়ির ‘রহমান নগরে’ আওয়ামীলীগ কর্মী জুলহাসের দোকানে বসে চা খাচ্ছিলেন কয়েকজন। এ সময় হরতাল সমর্থকরা এসে তাদের ওপর অতর্কিতে হামলা চালায়।
গুরুতর আহত আব্দুল জব্বারকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
মানিকছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাইন উদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দোকানে বসা অবস্থায় হরতাল সমর্থকরা তাদের নেতা কর্মীদের উপর হামলা করে। এ সময় বিএনপির নেতাকর্মীরা যুবলীগ কর্মী জুলহাসের দোকান ভাংচুর ও লুটপাটও চালায়।
এদিকে, রোববার সংঘর্ষের পর রাতে ৯৩ জনের নাম উল্লেখ করে চার শতাধিক বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে আলাদা দু’টি মামলা হয়েছে। এদের মধ্যে নয় জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে ওসি জানান।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি-জামায়াত জোটের ৬০ ঘণ্টার হরতালের প্রথম দিন রোববার মানিকছড়িতে বিএনপি ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে ওই সংঘর্ষের সময় ১০টি মোটরসাইকেল ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়।
