২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে হরতালকারী-পুলিশ সংঘর্ষ, আহত ১০

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের তিনদিনের হরতালের শুরুতে সিরাজগঞ্জে হরতাল সমর্থকদের সঙ্গে সংঘর্ষে ৫ পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2013, 11:53 AM

Updated : 25 Apr 2022, 07:26 PM

ভোর থেকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের নলকায় কয়েক দফায় এই সংঘর্ষ হয় বলে জানান সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোক্তার হোসেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর থেকেই বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কাশেম মোড় থেকে নলকা পর্যন্ত এলাকায় অবস্থান নিতে শুরু করে।

“তারা রাস্তায় গাছের গুড়ি ফেলে ও টায়ারে আগুন দিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। পুলিশ বাধা দিলে সংঘর্ষ বাঁধে যায়।

এসময় হরতালকারীদের ইটের আঘাতে পুলিশ লাইন্স ইন-সার্ভিসের ওসি রফিকুল ইসলাম খান, ট্রাফিকের ওসি মিলাদুল হুদা, নায়েক আমিরুল ইসলাম এবং কনস্টেবল আশরাফুজ্জামান ও রুবেলসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শতাধিক রাউন্ড টিয়ারসেল ও রাবার বুলেট ছোঁড়া হয়। ঘটনার পর থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মহাসড়কে বিজিবি, র‌্যাব ও পুলিশের যৌথ টহল জোরদার করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে সিরাজগঞ্জ শহরে হরতালের সমর্থনে খণ্ড খণ্ড মিছিলের মধ্যে হাতবোমার বিস্ফোরণ ঘটানো ও দোকানপাট ভাংচুর করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাসুদেব সিনহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে শহরের চামড়াপট্টি এলাকায় পরপর চারটি হাতবোমা ফাটায় হরতালকারীরা। তারা কয়েকটি স্থানে রাস্তায় টায়ারে আগুন দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

সোয়া ৯টার দিকে বাজার স্টেশন এলাকায় বিএনপি-জামায়াত নেতাকর্মীদের একটি মিছিল থেকে একটি দোকান ভাঙচুর করা হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

হরতালের কারণে জেলার বেশিরভাগ রুটেই যান চলাচল করতে দেখা যায়নি।