ঢাবিতে শিবির সন্দেহে ৬ জনকে মারধর
সোহরাওয়ার্দী উদ্যানে ১৮ দলীয় জোটের জনসভা চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছয়জনকে শিবির সন্দেহে মারধর করেছে বাংলাদেশ ছাত্রলীগ।
শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্যাম্পাসের বিভিন্ন স্থান থেকে তাদের ধরা হয়।
প্রত্যক্ষ্যদর্শীরা জানান, সকাল পোনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়েল মধুর ক্যান্টিনের সামনে থেকে কামারাঙ্গীচরের আলামিন ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থী রেফাউল ইসলাম এবং শহীদ বেগম ফজিলাতুন্নেছা মুজিব কলেজের শিক্ষার্থী আব্দুল মালেককে মারধর করা হয়।
বিকেলে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ থেকে আরো চার বহিরাগতকে আটক করে মারধর করা হয়। এদের পরিচয় পাওয়া যায়নি।
এছাড়াও ক্যাম্পাসে ছাত্রশিবির ও ছাত্রদল ক্যাম্পাসে ঢুকতে পারে এমন গুজবে সকল থেকেই ক্যম্পাসে মহড়া দিতে দেখা গেছে ছাত্রলীগকে।
এদিকে বিকেলে সমাবেশ শেষের দিকে টিএসসির রাজু ভাস্কর্র সামনের রাস্তায় বিপুল পুলিশ মোতায়েন করে ব্যারিকেড দিতে দেখা যায়।
এ বিষয়ে শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ক্যাম্পাসে যে কোন ধরনের বিশৃঙ্খলা এড়াতেই এ সতর্ক ব্যবস্থা নেয়া হয়েছে।
সন্ধ্যায় সমাবেশ শেষে শাহবাগ এলাকায় কয়েকটি হাতবোমা বিস্ফোরণ হলে বিশ্ববিদ্যালয়সহ আশেপাশের এলাকায় মোটর সাইকেল শোভাযাত্রা বের করে ছাত্রলীগ।
