শাহজালালে সোনার বিস্কুটসহ গ্রেপ্তার
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোনার ১০টি বিস্কুটসহ একজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
আটক হওয়া মো. সুরুজ জামান (৫৩) একটি হজ এজেন্সির মালিক বলে পুলিশ জানিয়েছে।
এপিবিএনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে সৌদি এয়ারলাইন্সের এইচভি-৮০৬ নম্বর ফ্লাইটে ঢাকায় আসেন সুরুজ। তার মানিব্যাগ, পাসপোর্ট রাখার হাতব্যাগ ও ব্রিফকেসে ১০টি সোনার বিস্কুট পাওয়া গেছে।
এই পুলিশ কর্মকর্তা বলেন, উদ্ধার হওয়া সোনার ওজন প্রায় সোয়া কেজি। এর বাজার মূল্য প্রায় অর্ধ কোটি টাকা।
সুরুজের গ্রামের বাড়ি ফেনী জেলায়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
