‘বিরোধী দল গুজব ছড়াচ্ছে’
বিরোধী দলের কয়েকজন নেতা ২৫ অক্টোবর নিয়ে গুজব ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।
বৃহস্পতিবার বরিশালে সাংবাদিকদের তিনি বলেন, “২৫ অক্টোবর নিয়ে বিরোধী দলের কতিপয় পাতি নেতা গুজব ছড়াচ্ছে। এ নিয়ে উৎকণ্ঠার কিছু নেই।
“সারাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”
২৫ অক্টোবর থেকে নির্বাচনকালীন ৯০ দিন বা তিন মাসের গণনা শুরু হবে।
অন্তর্বর্তীকালীন ওই সময়টিতে সরকারের ধরণ নিয়ে ক্ষমতাসীন মহাজোট ও ১৮ দলীয় জোটের নেতাদের মধ্যে বিরোধ চলছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সংবিধান অনুযায়ী নির্বাচন পরবর্তী সরকার গঠনের আগ পর্যন্ত গণতান্ত্রিকভাবে শেখ হাসিনা রাষ্ট্রপ্রধান হিসাবে দায়িত্ব পালন করবেন। তার অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
“গণতন্ত্রের ধারা বজায় রাখতে কোন দল বা গোষ্ঠী নির্বাচনে বাধা দিলে বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে রাষ্ট্রের সর্বোচ্চ শক্তি দিয়ে তা দমন করা হবে।”
এর আগে মন্ত্রী বরিশাল নগরীর রূপাতলীতে র্যাব-৮-র কমপ্লেক্সের উদ্বোধন করেন এবং এক সমাবেশে বক্তৃতা দেন।
