২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিস্ফোরণের ঘটনায় মামলা

চট্টগ্রামের বাকলিয়া এলাকার একটি বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণের  ঘটনায় মামলা করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2013, 09:27 PM

Updated : 23 Aug 2022, 07:08 PM

এতে বাড়ির মালিক আসাদউল্লাহ আহমেদ (৪২), তার স্ত্রী আসমাউল হোসনা (২৪) ও  ছোট ভাই শেখ নছরউল্লাহর (৩৩) নাম উল্লেখ করে  অজ্ঞাত পরিচয় আরো চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে।

বাকলিয়া থানার ওসি মো. মহসিন জানান, উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন বাদি হয়ে বুধবার বিকেলে বিস্ফোরক আইনে এই মামলা করেন।

মঙ্গলবার রাত সোয়া ১টা থেকে দেড়টার মধ্যে বাকলিয়া থানার রসুলপুর আবাসিক এলাকার রফিক মঞ্জিল নামে একটি দুইতলা ভবনের নিচ তলায় এ বিস্ফোরণ ঘটে।

এরপর ওই বাড়ি থেকে বিপুল পরিমাণ গান পাউডার ও বারুদ উদ্ধার করে পুলিশ।

নাশকতা সৃষ্টির জন্য ওই বাড়িতে বোমা বানানো হচ্ছিল বলে পুলিশের ধারণা।

ঘটনার পর রাতেই আসাদউল্লাহকে গ্রেপ্তার এবং তার স্ত্রী আসমাউল হোসনাকে আটক করে পুলিশ।

ওসি মহসিন বলেন,  হোসনাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং পলাতক নছরউল্লাহকে ধরতে অভিযান চলছে।

নছরুল্লাহ জামায়াতে ইসলামীর রাজনীতিতে জড়িত বলে এলাকাবাসী জানিয়েছে। এ ঘটনার সঙ্গে জামায়াত বা জঙ্গি সংশ্লিষ্টতার বিষয়টি  খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।