২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় দুপাড়ার সংঘর্ষ, আহত ২০

গাইবান্ধা শহরে অটোটেম্পু স্ট্যান্ডের আধিপত্য নিয়ে দুই এলাকার সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2013, 08:24 PM

Updated : 23 Aug 2022, 07:08 PM

মঙ্গলবার বালাসী রোডের পুরাতন বাজারে এ সংঘর্ষ থামাতে পুলিশ ১৪ রাউন্ড টিয়ারসেল ও ৫৪ রাউন্ড রাবার বুলেট বর্ষণ করেছে। তিন ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। 

আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাইবান্ধা সদর থানার ওসি গোপাল চন্দ্র চক্রবর্তী এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, ওই স্ট্যান্ড থেকে গাইবান্ধা-বালাসী রুটে চলাচলকারী ব্যাটারিচালিত ইজিবাইক ও ভাড়ায় চালিত মোটরসাইকেলের চাঁদা আদায়কে কেন্দ্র করে সবুজপাড়ার (সান্দারপট্টি) সঙ্গে মমিনপাড়ার দ্বন্দ চলছিল।

এর জেরে মঙ্গলবার সকাল ১০টার দিকে দুই পাড়ার যুবকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় শহরে বেশকিছু দোকানপাট ভাংচুর করা হয়। পরে খবর পেয়ে পুলিশ আসে।

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তারপরও পরবর্তীতে যেকোনো ধরনের সহিংসতা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।