রাবি ছাত্রীকে হাতুড়িপেটা
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করেছে এক যুবক।
মঙ্গলবার বাঘা উজেলার আড়ানী স্টেশনে এ হামলায় আহত ছাত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ সময় স্থানীয়রা রাকিবুল ইসলাম শিমুল (২৮) নামের যুবকটিকে ধরে পুলিশে দিয়েছে। সে উপজেলার বাউসা গ্রামের হায়দার আলীর ছেলে। উপজেলার তেঁতুলিয়া বাজারে তার একটি স্টুডিও আছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রীর পরিবার জানায়, মেয়েটি তেঁতুলিয়া বাজারের ওই স্টুডিওতে ছবি তুলতে গেলে রাকিবুল তাকে প্রেমের প্রস্তাব দেয়।
তার কথায় রাজি না হলে একদিন রাতে রাকিবুল তাদের বাড়িতে আসে। ওই সময় মেয়েটির পরিবারের লোকজন তাকে মারধর করে তাড়িয়ে দেয়।
তারা আরো জানান, মঙ্গলবার সকালে চাচাতো বোনদের সঙ্গে বাঘা উপজেলার সাহাপুর গ্রামের এক আত্মীয়ের বাসায় বেড়াতে যাচ্ছিলেন ওই ছাত্রী। আড়ানী স্টেশনে পৌঁছলে রাকিবুল তার এক বন্ধুকে সঙ্গে করে হাতুড়ি দিয়ে হামলা চালায়।
আড়ানী রেল স্টেশনের কুলি সরদার হোসেন আলী বলেন, ট্রেন চলে যাওয়ার পরে তিনি পেছনে তাকিয়ে দেখেন একটি ছেলে মেয়েটির মাথায় উপর্যুপরি হাতুড়ি দিয়ে আঘাত করছে। দেখে তারা দৌঁড়ে যান।
এ সময় হামলাকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে চারিদিক থেকে লোকজন এসে রাকিবুলকে ধরে ফেলে। তবে তার বন্ধুটি পালিয়ে যায়।
তিনি আরো বলেন, “আমরা মেয়েটিকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।”
বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বেনজির আহাম্মেদ বলেন, মেয়েটির মাথায় গভীর ক্ষত হয়েছে। বমি করছে। এজন্য এখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাঘা থানার ওসি আবুল খায়ের বলেন, এ ঘটনায় ওই ছাত্রীর চাচা জামাল হোসেন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
