উত্তেজনার লালদীঘিতে বুধবার যুবলীগের সমাবেশ
চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশ করা নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির মুখোমুখি অবস্থানের মধ্যে একই জায়গায় বুধবার সমাবেশ ডেকেছে চট্টগ্রাম নগর যুবলীগ।
বিকাল ৩টায় ওই সমাবেশ শুরু হবে জানান নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিএনপি-জামায়াতের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে এই যুব মহাসমাবেশের আয়োজন করা হয়েছে।
“এই সমাবেশে প্রধান অতিথি থাকবেন নগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী।”
সমাবেশ আয়োজনের বিষয়ে মাঠের কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের অনুমতি নেয়া হয়েছে বলেও দাবি করেন মহিউদ্দিন।
গত রোববার দুপুরে সংবাদ সম্মেলন করে বিরোধী দলের ‘হুমকি’র প্রতিবাদে ২৪ ও ২৫ অক্টোবর লালদীঘিতে জনসভার ঘোষণা দেন নগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী।
ওইদিনই কয়েকঘণ্টা পর নগর আওয়ামী লীগের বর্ধিত সভায় ২৪ ও ২৫ তারিখে পরিবর্তে ২৫ ও ২৬ অক্টোবরে লালদীঘি ময়দানে জনসভার সিদ্ধান্ত হয়।
তারপর বিকালেই নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে এক সভা থেকে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীও ২৫ অক্টোবর লালদীঘিতে সমাবেশ করার ঘোষণা দেন।
ওইদিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২৪, ২৫ ও ২৬ অক্টোবর লালদীঘি মাঠে সমাবেশ করার অনুমতি নিয়েছে নগর বিএনপি।
