ফেনীতে দুর্ঘটনায় মা-বাবা-মেয়ে নিহত
ফেনীতে দুটি সড়ক দুর্ঘটনায় এক পরিবারের তিন সদস্যসহ চারজন নিহত হয়েছে।
সোমবার ছাগলনাইয়া উপজেলার খাইয়ারা এলাকা এবং সদরের দেবীপুরে এ দুটি দুর্ঘটনা ঘটে।
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল হাইওয়ে থানার ওসি এস এম জাহাঙ্গীর আলম জানান, খাইয়ারা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিকালে ভোলা থেকে চট্টগ্রামগামী একটি বাস একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়।
এতে অটোরিকশার যাত্রী কামাল হোসেন (৬৫) এবং তার স্ত্রী হোসনে আরা বেগম (৫৫) ঘটনাস্থলেই মারা যান। আহত হন চালকসহ চারজন।
গুরুতর আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সন্ধ্যার পরে নিহত দম্পতির মেয়ে লিজার (১৮) মৃত্যু হয়।
তাদের বাড়ি সদর উপজেলার মধ্যম ফরহাদনগর গ্রামে। তারা অটোরিকশায় শহর থেকে বাড়ি যাচ্ছিলেন।
লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত অপর দুজনকে ফেনী সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
অপর দুর্ঘটনাটি ঘটে সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবীপুর এলাকায়।
ঢাকাগামী একটি তেলবাহী লরির সঙ্গে চট্টগ্রামগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে মানিকগঞ্জের ঘিওর উপজেলার পেয়ারা মিয়ার ছেলে বাদল মল্লিকের (৪২) মৃত্যু হয়। তিনি মাইক্রোবাসের চালক ছিলেন।
