ছাদ থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু, গৃহকর্তা নিখোঁজ
চট্টগ্রামের অভিজাত এলাকা খুলশীর একটি বাড়ির ছাদ থেকে পড়ে এক কিশোরী গৃহকর্মীর মৃত্যু হয়েছে।
একইসঙ্গে পড়ে গিয়ে আহত হয়েছে আরেক কিশোরী গৃহকর্মী।
তারা দুজনেই খুলশী ৬ নম্বর রোডে কিং প্যালেস নামে সাততলা ভবনের চারতলায় আহমেদ নবী চৌধুরীর বাসায় কাজ করতো। ঘটনার পর থেকে তার কোনো হদিস পায়নি পুলিশ।
নিহত দিলদার বেগম (১৬) কক্সবাজারের টেকনাফ উপজেলার লেদা গ্রামের দীন মোহাম্মদের মেয়ে।
আহত আরেক গৃহকর্মী সানজিদা বেগম (১৪) একই এলাকার মো. ইদ্রিসের মেয়ে।
গুরুতর আহত হয়ে সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগে চিকিৎসা নিচ্ছে।
গৃহকর্তা আহমেদ নবী চৌধুরী পরিবহনসহ নানা ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে গঠিত শাহ আমিন গ্রুপের প্রধান।
পুলিশ জানায়, সোমবার বেলা ১১টার দিকে কিং প্যালেসের সাততলা ভবনের ছাদ থেকে পড়ে যায় ওই দুই গৃহকর্মী।
আহত সানজিদার ভাই মো. ইউনুছ চমেক হাসপাতালে সাংবাদিকদের বলেন, “২০-২৫ দিন আগে শাহ আমিন গ্রুপের মালিক আহমেদ নবীর খুলশীর বাসায় কাজে যোগ দেয় আমার বোন ও দিলদার।
“সর্বশেষ পাঁচদিন আগে ফোনে তাদের সঙ্গে কথা হয়। তখন তারা নিজেদের উপর বাসার মালিকের নির্যাতনের কথা জানায়। তারা ওই বাসা থেকে নিয়ে যাওয়ার আকুতি জানায়। এরপর আর কোনো কথা হয়নি।”
চমেক পুলিশ ফাঁড়ির এসআই জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ১২টার দিকে দুই যুবক ওই দুই গৃহকর্মীকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দিলদার বেগমকে মৃত ঘোষণা করেন।
জহিরুল বলেন, ওই দুই যুবকের মধ্যে আরিফ নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
খুলশী থানার এসআই কাওসার আলম ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেয়েদুটো কীভাবে ছাদ থেকে পড়ে গেল, এটা দুর্ঘটনা, না-কি কেউ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে- এসব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে। নাকি নির্যাতন থেকে বাঁচতে নিজেরাই লাফ দিয়েছে- সবদিক খতিয়ে দেখা হচ্ছে।”
কাওসার জানান, খুলশী ৬ নম্বর রোডের চারতলার বাসায় গিয়ে গৃহকর্তা বা গৃহকর্ত্রী কাউকেই পাওয়া যায়নি। এছাড়া স্থানীয় লোকজনও তাদের ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে পারেননি।
এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে জানিয়ে এই পুলিশ কর্মকর্তা আরো বলেন, সানজিদা কিছুটা সুস্থ হলে তার কাছ থেকে ঘটনার বিস্তারিত জানা যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে ব্যক্তিগত মোবাইল ফোনে কলা করে তা বন্ধ পাওয়া গেছে।
