২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মধুখালী ও সালথায় ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

ফরিদপুরের সালথা ও মধুখালী উপজেলায় রোববার সন্ধ্যায় ঘুর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2013, 03:56 PM

Updated : 23 Aug 2022, 07:07 PM

১৪ মিনিটি স্থায়ী এ ঝড়ে ঘরবাড়ি, গাছপালা ও ফসল বিধ্বস্ত হয়েছে। বিদুতের খুঁটি উপড়ে অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আহত হয়েছে একজন।

এলাকাগুলো হল সালথার আটঘর ইউনিয়নের পুটিয়া ও জয়কালী, রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রাম এবং মধুখালীর চার ইউনিয়নের অন্তত ৩০টি গ্রাম।

আটঘর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল লতিফ মিয়া জানান, ঝড়ে রামকান্তপুর গ্রামের হারুন বিশ্বাস (৫০) নামের একজন আহত হয়েছেন। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া পুটিয়া গ্রামে একটি গরু মারা গেছে বলেও তিনি জানান।

সালথা উপজেলা চেয়ারম্যান দেলোয়ার হোসেন জানান, ঝড়ে ২৫টি বাড়ি বিধ্বস্ত হয়েছে। উপড়ে গেছে অর্ধশত গাছ। বিদুতের খাম্বা উপড়ে ও তার ছিঁড়ে এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া রোয়া আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।

সালথা উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলম শরীফ খান বলেন, ঝড়ে ক্ষতি নিরুপণের জন্য মাঠ কর্মকর্তারা কাজ করছেন।

সালথা উপজেলা ত্রাণ কর্মকর্তা মো. আকতার হোসেন জানান, ঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা করে সরকারিভাবে সাহায্য দেয়া হবে।

একই সময় মধুখালীর সদর, বাগাট, নওপাড়া ও ডুমাইন ইউনিয়নের প্রায় ৩০টি গ্রামে ঝড় আঘাত হানে।

মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. নাসিরউদ্দিন মাহমুদ ও উপজেলা চেয়ারম্যান মফিজুর রহমান সোমবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।

এলাকাবাসী জানান, মধুখালী সদর ইউনিয়নের কালপোহা, উলুহাট, রায়েকদাহ, পাঁচই, টাকদিয়া ও মাকরাইল গ্রাম, নওপাড়া ইউনিয়নের মধ্য নওপাড়া, নওপাড়া বাজার, কুড়ানিয়ার চর, পিছলিয়া,তারাপুর, কামারখালী ইউনিয়নের ফুলবাড়িয়া, রাজীবপুর ও গন্ধখালী গ্রাম, বাগাট ও ডুমাইন ইউয়িনের অন্তত ৩০টি গ্রামে কাঁচা ঘরবাড়ি, গাছপালা ও আধপাকা রোপা আমনসহ সবজি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

বিদ্যুত লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে। পাঁচই উচ্চ বিদ্যালয়ের একটি টিনের ঘর ভেঙে গেছে।

মধুখালী সদর ইউপি চেয়ারম্যান সাহাবুদ্দিন আহমেদ সতেজ এবং বাগাট ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম ফকির জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে।

মধুখালী উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মজিদ মিয়া জানান, ঝড়ের আঘাতে বিভিন্ন গ্রামে রোপা আমন, বোনা আমন, আঁখ ও সবজি ফসলের ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ নিরুপণের কাজ চলছে।

ফরিদপুর জেলা ত্রাণ কর্মকর্তা আব্দুল মতিন মিয়া জানান, উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে পাঠালে সহায়তা দেয়া হবে।