আসামির ছবি তুলতে গিয়ে আলোকচিত্রী লাঞ্ছিত
কারাগারে নেয়ার সময় চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে এক যুবলীগ নেতার ছবি তুলতে গিয়ে তার অনুসারীদের হাতে এক আলোকচিত্র সাংবাদিক লাঞ্ছিত হয়েছেন।
রোববার বিকাল সাড়ে ৫টার দিকের এই ঘটনায় আলোকচিত্র সাংবাদিক সৌরভ দাশ ক্যামেরার লেন্স ও মেমোরি কার্ড খোয়ান।
মোমোরি কার্ডটি উদ্ধার করা হয়েছে জানিয়ে কোতোয়ালি থানার পরিদর্শক নেজাম উদ্দিন বলেছেন, লেন্সটির সন্ধান তারা চালিয়ে যাচ্ছেন।
একটি অপহরণ মামলায় আদালতের আদেশে নগর যুবলীগ সদস্য মশিউর রহমান দিদার এবং তার সহযোগী ফিরোজ ও সেলিমকে রোববার বিকালে আদালত থেকে কারাগারে নেয়া হচ্ছিল।
ওই সময় ছবি তুলতে গেলে দিদারের সহযোগীরা দৈনিক প্রথম আলোর চট্টগ্রাম কার্যালয়ের আলোকচিত্র সাংবাদিক সৌরভকে লাঞ্ছিত করে এবং ক্যামেরার লেন্স কেড়ে নেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
সৌরভ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছবি তুলতে গেলে কয়েকজন যুবক প্রথমে বাধা দেয়। তারা প্রথমে গালাগালি করে, এরপর ধাক্কাধাক্কি করতে থাকে। এক পর্যায়ে তারা
ক্যামেরার লেন্স ও মেমোরি কার্ড কেড়ে নেয়।”
এ বিষয়ে পুলিশ কর্মকর্তা নেজাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালত প্রাঙ্গণে কয়েকজন লোক প্রথম আলোর সাংবাদিকের লেন্স ও মেমোরি কার্ড কেড়ে নেয়।
“ঘটনাস্থলে পুলিশ গিয়ে মেমোরি কার্ডটি উদ্ধার করেছে। লেন্সটি কারা নিয়ে গেছে, সে বিষয়ে অনুসন্ধান চলছে। আশা করি, উদ্ধার করতে পারব।”
তবে সাংবাদিকের ওপর চড়াও হওয়া ব্যক্তিদের রা্জনৈতিক কোনো পরিচয় আছে কি না বা তারা দিদারের অনুসারী কি না- জানতে চাইলে পুলিশ কর্মকর্তা বলেন, “তারা কার লোক, তা আমি জানি না।”
গত ২৬ অগাস্ট নগরীর খুলশী থানাধীন গরিব উল্লাহ শাহ হাউজিং সোসাইটির একটি বাড়ি থেকে বজলুর রশিদ নামে এক ব্যক্তিকে জোর করে ধরে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে তাকে ছেড়ে দেয়া হয়।
এ ঘটনায় বজলুর রশিদের বোন শাহিদা আক্তার বাদি হয়ে একটি হামলা ও অপহরণ মামলা করেন।
ওই মামলায় গ্রেপ্তার দিদার ও তার দুই সহযোগী জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষে রোববার তারা আদালতে আত্মসমর্পণ করেন। এসময় আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
