পল্লী রেশনিং ব্যবস্থা চালুর দাবি ক্ষেতমুজুর সমিতির
পল্লী রেশনিং ব্যবস্থা চালু, ভূমিহীনদের মাঝে খাসজমি বণ্টনসহ দশ দফা দাবিতে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ক্ষেতমজুর সমিতি।
রোববার দুপুরে সমিতির জেলা শাখা আয়োজিত একটি বিক্ষোভ মিছিল শহরের পুরাতন কোর্ট চত্বরের সিপিবি কার্যালয়ের সামনে থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল চলাকালে তারা সাধনার মোড়, বাজারের ফলপট্টির মোড় এবং রাহাতের মোড়ে তিনটি পথসভা করেন।
পথসভায় বক্তারা বলেন, দেশের শতকরা ৬০ ভাগ মানুষ ক্ষেত-খামারে কাজ করে জীবিকা নির্বাহ করে থাকে। যারা জমিতে কাজ করে ফসল ফলিয়ে ১৬ কোটি মানুষের মুখে খাবার তুলে দেয় তারা অভুক্ত থাকে। চড়াদামে তাদের নিত্য প্রযোজনীয় জিনিসপত্র কিনতে হয়।
দেশের মন্ত্রী, সংসদ সদস্য ও সরকারি চাকুরেদের বেতন বাড়ে, মহার্ঘ্য ভাতা বাড়ে। কিন্তু যারা ক্ষেত-খামারে কাজ করে তাদের মজুরি বাড়ে না।
তাই গরীব মানুষদের জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান তারা।
সেনাবাহিনীর মতো গ্রামের খেটে খাওয়া মানুষের জন্য পল্লী রেশনিং ব্যবস্থা চালু করাসহ দশ দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।
বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় সহসভাপতি মৃন্ময় মন্ডল, জেলা সভাপতি মাস্টার হায়দার আলী, সিপিবি সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক ফররুখ হাসান জুয়েল, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম যাদু প্রমুখ পথসভায় বক্তব্য দেন।
